নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত নয়া স্ট্যাটিউট বা বিধিতে সায় দেয়নি রাজ্য সরকার। তাই পুরানো বিধি মেনেই বিভিন্ন প্রশাসনিক এবং নজরদারি বডিতে শিক্ষক ও ছাত্র এবং অন্যান্য প্রতিনিধিদের নির্বাচনের পথে হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে এই ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে উপাচার্য তথা ইসি’র চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্যকে চিঠি দিয়েছে অধ্যাপক সংগঠন অ্যাবুটা। বুধবার অ্যাবুটার যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল চ্যাপ্টার থেকে আহ্বায়ক তথা অধ্যাপক দেবব্রত বেরা এই চিঠি দিয়েছেন। অ্যাবুটার বক্তব্য, ১৯৮২ সালের নিষ্ক্রিয় বিধি ব্যবহার করে এই নির্বাচন করা যায় না। নয়া বিধিতে যদি সরকার সিলমোহর না দিয়ে থাকে, তাহলে সে ব্যাপারে তদ্বির করা যায়। তবে, যে বিধির বৈধতা উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার ভিত্তিতে কোর্ট, ইসি, ফ্যাকাল্টি কাউন্সিল বা অন্যান্য বিধিবদ্ধ বডিতে নির্বাচন করা যায় না। কারণ, ২০১১ এবং ২০১২ সালে নির্বাচন সংক্রান্ত বেশকিছু সংশোধনী আনা হয়েছিল। তাই ১৯৮২ সালের বিধি এক্ষেত্রে অকেজো। রীতিমতো আইনি ফারাকগুলি উল্লেখ করে উপাচার্যকে এই চিঠি দিয়েছে সংগঠনটি।



