নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ডায়মন্ডহারবার আদালতে একটি পকসো মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। জামিনে থাকা অভিযুক্তের আইনজীবী আদালতে এসে বলেন, গত সপ্তাহে তাঁর মক্কেল আত্মঘাতী হয়েছেন। এরপর বিচারক অভিযুক্ত যুবকের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেন তদন্তকারী পুলিস অফিসারকে। অন্যদিকে, অভিযোগকারী কিশোরীর পরিবারের দুই আইনজীবী সুদীপ পণ্ডিত ও শিবপ্রকাশ ভট্টাচার্য একটি পিটিশন দেন আদালতে। তাঁদের বক্তব্য, কিশোরীর ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা তাঁরা দাবি করছেন। এ নিয়ে ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে দক্ষিণ ২৪ পরগনার মগরহাটের বাসিন্দা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে পকসো আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় আদালতে শুনানি পর্ব শেষ হওয়ার পর সম্প্রতি বিচারক শনিবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। তার প্রেক্ষিতে এদিন আদালতে মামলাটি উঠলে মৃত যুবকের তরফে একটি নথি আদালতের নজরে আনা হয়। তারপর রায় স্থগিত রাখা হয়। বিচারক বিষয়টির তদন্ত করে যুবকের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন।



