নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোথাও দু’বছরের শিশু, আবার কোথাও সত্তরোর্ধ্ব ব্যক্তি, আবার গৃহবধূ থেকে প্রৌঢ়া। এমনকী, তালিকায় মাঝ বয়সি যুবক। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি স্বাস্থ্যের সুরক্ষা দিয়েছে ডায়মন্ডহারবার এলাকার নানা বয়সি নাগরিকদের। শুধু তাই নয়, ডায়মন্ডহারবার সংসদীয় এলাকার বাইরে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে সুদূর জলপাইগুড়ি পর্যন্ত বহু মানুষ পেয়েছেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা। বিনামূল্যে ওষুধ এবং গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচিতে। এই একমাসের কর্ম প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে আম জনতা।
Advertisement
২ জানুয়ারি সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক। তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে ৭৫ দিন ব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়। ডায়মন্ডহারবারের প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় কমপক্ষে ৪০টি করে ক্যাম্প হচ্ছে। যেখানে সব বয়সের সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ মতো রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া যে সমস্ত রোগী শিবিরে আসছেন, কারও অবস্থা আশঙ্কাজনক থাকলে তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। ইতিমধ্যে ডায়মন্ডহারহার, ফলতা, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র এলাকায় শিবির আয়োজন হয়ে গিয়েছে। স্বাস্থ্য শিবির চলছে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র এলাকায়। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বাকি বিধানসভা আসনগুলিতেও পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির হবে। এপর্যন্ত সাড়ে পাঁচ লক্ষাধিক মানুষ অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেরেছেন। ন’বছরের আলতাফ হোসেন ঘরামির হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে সেবাশ্রয় কর্মসূচির উদ্যোগে। এখন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী সপ্তাহে ফলো আপ চিকিৎসা হবে আলতাফের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে সহায়তা করেছেন আলতাফের বাবাকে। এছাড়া নেহা মাজি নামে এক শিশু জটিল রোগে আক্রান্ত। সেবাশ্রয় শিবিরে নেহাকে নিয়ে এসেছিলেন তার বাবা-মা। চিকিৎসকরা জানিয়েছেন, আরও ভালো চিকিৎসার জন্য শিশুটিকে বেঙ্গালুরু নিয়ে যেতে হবে। নেহাকে সুস্থ করে তুলতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। শিশুটিকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করছেন তিনি। কৃতী মান্না নামে একটি শিশুর জন্য প্রয়োজন বিশেষ ইনজেকশন। কলকাতায় সেই ইনজেকশন মেলে না। শিশুটিকে সুস্থ করে তুলতে ওই বিশেষ ইনজেকশন বাইরে থেকে আনার ব্যবস্থা করছেন সাংসদ। স্তন ক্যান্সারে আক্রান্ত মামুদা বিবি মোল্লা, ডাউন সিন্ড্রোমে আক্রান্ত সাথী নস্করের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছেন সেবাশ্রয় কর্মসূচির কাণ্ডারী। সেবাশ্রয় কর্মসূচি থেকে বহু রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা হয়েছে।
এই সেবাশ্রয় যেভাবে এগিয়ে চলেছে, তাতে এই কর্মসূচির সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভলান্টিয়ারদের কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডায়মন্ডহারহার আজ উদাহারণ। প্রমাণ দিয়েছে, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।
এই সেবাশ্রয় যেভাবে এগিয়ে চলেছে, তাতে এই কর্মসূচির সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ভলান্টিয়ারদের কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডায়মন্ডহারহার আজ উদাহারণ। প্রমাণ দিয়েছে, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার।



