Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের কর্মসূচিতে না যাওয়ায় চটকল  শ্রমিকদের মারধর, পাল্টা বিক্ষোভে ধৃত ১

অভিষেকের কর্মসূচিতে না যাওয়ায় চটকল  শ্রমিকদের মারধর, পাল্টা বিক্ষোভে ধৃত ১
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: মঙ্গলবার দুপুরে বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ও বজবজ ফাঁড়িতে বিক্ষোভ দেখান চেভিয়ট জুট মিলের শ্রমিক ও তাঁদের পরিবারের লোকেরা। বজবজের ২০ নম্বর ওয়ার্ডের চিত্রিগঞ্জের হপ্তাবাজার এলাকার প্রাক্তন কাউন্সিলার মিঠুন ঠিকাদারের অফিসের সামনে প্রথমে বিক্ষোভের সূচনা হয়। ওই জুটমিলের ঠিকা শ্রমিকদের অধিকাংশ বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২৩ ফেব্রুয়ারি বজবজের ‘সেবাশ্রয়’ শিবির পরিদর্শনে আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষ্যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিঠুন ঠিকাদারের অনুগতরা জুট মিলের শ্রমিকদের ওই শিবিরে হাজির থাকতে বলেন। কিন্তু চেভিয়ট জুট মিলের নিয়ম অনুসারে ছুটির কারণ আগে থেকে না জানালে, আগামী পাঁচ দিনের মজুরি কেটে নেওয়া হয়। তাই তাঁরা সেদিন সাংসদের ওই শিবিরে যেতে পারেননি। সেই রাগে ২৩ ফেব্রুয়ারি রাতেই কাউন্সিলারের লোকজন জুটমিলের ঠিকা শ্রমিকদের বাড়িতে গিয়ে হুমকি দেন এবং তাঁদের মারধরও করেন।
Advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসায় মঙ্গলবার বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি ওঠে। এদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত বজবজ ফাঁড়ির সামনে চলে বিক্ষোভ। খবর পেয়ে ডিএসপি (শিল্প) কামরুজ্জামান মোল্লার নেতৃত্বে বজবজ ও মহেশতলা থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। মোট তিরিশ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এদিকে কাউন্সিলার মিঠুন ঠিকাদারের দাবি, তিনি এবং তৃণমূলের কেউ এই ঘটনায় যুক্ত নন। মদ্যপ দুই ব্যক্তির ঝগড়াকে ঘিরে এর সূচনা। এর সঙ্গে সাংসদের কর্মসূচিতে মানুষকে ডেকে নিয়ে যাওয়ার কোনও যোগ নেই। সাংসদের কর্মসূচিতে মানুষ স্বেচ্ছায় উপস্থিত হয়। তিনি জানান, অভিযোগের তদন্ত করে পুলিস দোষীদের গ্রেপ্তার করুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ