নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত প্রয়াত। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। কিডনি সংক্রান্ত এবং বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও। শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন আগেই তাঁকে ভর্তি হয়েছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। গত ১৫ দিন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। বর্তমানে অভিনেত্রীর পাশে রয়েছেন তাঁর ভাই। জানা যাচ্ছে, অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ, শনিবার মধ্যরাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তাঁরা। তবে ঋতুপর্ণার স্বামী এবং মেয়ে কলকাতায় এলেও ছেলে অঙ্কন আসতে পারবেন না। কারণ উচ্চশিক্ষার জন্য বর্তমানে তিনি বস্টনে রয়েছেন। ফলে ভিডিও কলেই দিদাকে শেষ দেখা দেখেছেন তিনি। আগামীকাল অর্থাৎ রবিবার কালীঘাট শ্মশানেই নন্দিতা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে বলে সূত্রের খবর।



