‘এসো এসো, সিনেমা দেখো। সিনেমার শক্তি দেখো’— গান গাইতে গাইতে সাংবাদিক সম্মেলনে ঢুকলেন একঝাঁক তরুণ-তরুণী। কালো পাঞ্জাবি অথবা কুর্তি, গলায় জড়ানো লাল ওড়না। গত কয়েকদিন ধরেই নন্দন-রবীন্দ্র সদন চত্বরজুড়ে ঘুরছেন তাঁরা। কখনও কাগজ ঝুলিয়ে হাতে লিখে প্রচার, আবার কখনও পথনাটক। এভাবেই ‘নুক্কড় নাটক’ ছবির প্রচার করছেন এই ছবির কলাকুশলীরা। তবে সাংবাদিক সম্মেলনে তাঁদের প্রবেশ অভিনব। সকলের অনুরোধে দু’বার পারফর্ম করতে হয় তাঁদের। ছবির তরুণ পরিচালক তন্ময় শেখর জানালেন, ‘আমরা একটি স্বাধীন ছবি তৈরি করেছি। যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে এভাবেই প্রচার চলছে।’



