Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিনব কায়দায় এটিএম থেকে গায়েব ২০ হাজার

অভিনব কায়দায় এটিএম থেকে গায়েব ২০ হাজার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে অভিনব কায়দায় এটিএম থেকে গায়েব হয়ে গেল ২০ হাজার টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর এলাকায়। সেখানকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে ২০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির ভারতনগরের বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্ত্রী পৌলমী চক্রবর্তীর কার্ড নিয়ে প্রধাননগরে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে যান প্রসেঞ্জিতবাবু। তাঁর অভিযোগ, এটিএম মেশিনে কার্ডটি দেওয়ার পর তা বেশ কিছুক্ষণ আটকে যায়। অনেক চেষ্টার পর কাজ না হওয়ায় এটিএমের ভিতরে হাতে লেখা একটি হেল্প নম্বরে তিনি ফোন করেন। সেখান থেকেই বলা হয় ওই এটিএম মেশিনে সমস্যা রয়েছে। পাঁচবার ক্যানসেল বোতামটি টেপার নির্দেশ দেওয়া হয়। তারপরেও কার্ড না বের হওয়ায় ফোনে থাকা এক প্রতারক জানায় শিলিগুড়ি জংশনের একটি পেট্রোল পাম্পে তাদের এক টেকনিশিয়ান কাজ করছে। তাকে বলা হয়েছে। তাকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয় প্রতারক। যা বলা হয় তা করেন প্রসেঞ্জিতবাবু। যদিও জংশনের সেই এটিএমে কাউকে পাননি তিনি। এরপরে ফের এটিএমে এলে দেখতে পান কার্ড নেই। ইতিমধ্যেই দু’দফায় ২০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এরপরেই সেই ফোন নম্বরে বারবার ফোন করলেও কোনও সাড়া মেলেনি। ফোন নম্বরটিও ওই বেসরকারি ব্যাঙ্কের এক কর্মী এসে মুছে দিয়ে যায় বলে অভিযোগ। এরপরেই শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। প্রসেনজিৎবাবু বলেন, আমরা ভাবতেও পারছি না আমাদের সঙ্গে এমনটা ঘটেছে। যে নম্বরে আমি ফোন করেছিলাম সে আমার আস্থা অর্জন করতে আমি কী রঙের জামা পড়েছিলাম তাও বলেছিল। আমি একেবারে হতবাক হয়ে গিয়েছি এমন ঘটনায়। পুলিস ঘটনার তদন্ত করে দোষীকে খুঁজে বের করুক এমনটাই চাইছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ