কাজে ফিরছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ১৫ মাসের বিরতির পর ফিরছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়। গত বছর রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন নায়িকা। তারপর থেকে নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি। পরিবারকে সময় দেওয়াই তাঁর প্রায়োরিটি ছিল। এর মাঝে মুক্তি পেয়েছিল ‘মিশন রানিগঞ্জ’, ইমতিয়াজ আলি পরিচালিত ‘অমর সিং চমকিলা’। তবে এই ছবিগুলির শ্যুটিং বিয়ের আগেই সেরেছিলেন নায়িকা। শোনা যাচ্ছে, একটি ওটিটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পরিণীতি। অভিনয় করবেন রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে। গোয়া ও মুম্বইজুড়ে চলবে শ্যুটিং। বলিউড সূত্রে খবর, আগামী মাসেই শ্যুটিং শুরু হবে। শেষবার ‘মিশন রানিগঞ্জ’ ছবির একটি গানের শ্যুটিংয়ের জন্য ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন নায়িকা। দীর্ঘ ১৫ মাস পর ফের কাজে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত। ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক ধ্রুব ত্রিপাঠী। তবে পরিণীতির বিপরীতে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়।



