Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভাব, অভিযোগ শুনতে দুয়ারে প্রধান কর্মসূচি চালু হেমতাবাদে

অভাব, অভিযোগ শুনতে দুয়ারে প্রধান কর্মসূচি চালু হেমতাবাদে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান, উপ প্রধান সহ জন প্রতিনিধিরা ইতিমধ্যে পাড়ার মোড় থেকে শুরু করে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছতে শুরু করেছেন। এবার গ্রামের বাসিন্দাদের দুয়ারে পৌঁছে অভাব, অভিযোগ শুনতে উদ্যোগ নিল বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত।
Advertisement
বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আরজুমান বানু বলেন, প্রতি শনি ও রবিবার দুয়ারে প্রধান কর্মসূচি হচ্ছে। গত সপ্তাহে আমি ও সহকর্মী জন প্রতিনিধিরা গুঠিন নুরপুরের বিভিন্ন বাসিন্দাদের বাড়িতে গিয়েছিলাম। তাঁরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কি না,  কী চাইছেন, সেই বিষয়ে খোঁজ নিচ্ছি। রাস্তা, আলো, বিশ্রামঘর, সাইকেল শেডের দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বুবুল কুন্ডুর কথায়, আমাদের উত্তর নুরপুর শ্মশানে প্রতীক্ষালয় নেই। প্রধানকে আবেদন করেছি তৈরি করার জন্য।  নুরপুরের বাসিন্দা তপন চাকি বলেন, আমাদের গ্রামের রাস্তায় আলো নেই। তাই প্রধান ও উপপ্রধানকে দাবি পূরণ করার আবেদন জানিয়েছি। বাসিন্দারা মাঝেমধ্যেই অভিযোগ করেন ভোট ছাড়া জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না। কিন্তু কেন এমন পরিকল্পনা?  বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক নওয়াজ বলেন, গ্রামের বাসিন্দাদের পরিষেবা দিতেই আমরা জনপ্রতিনিধি হয়েছি। কিছু এলাকার বাসিন্দারা তাঁদের দাবি গ্রাম পঞ্চায়েতে জানাচ্ছেন। কিন্তু অনেক এলাকার বাসিন্দারা সেসব জানান না। তাই প্রতিটি বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়েছি। যাঁদের প্রয়োজনীয় কাগজ তৈরি হয়নি,  ভাতা পাচ্ছেন না, সেগুলি ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। প্রধান, উপপ্রধানকে দুয়ারে পেয়ে নিজেদের গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করছেন বাসিন্দারা। বাঙ্গালবাড়ির মজিবুর রহমান বলেন, প্রধান ভালো উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষ এবার তাঁদের দাবি জানাতে পারবেন। নুরপুর এলাকায় এই সময় জলের সমস্যা হয়। প্রধান গ্রামে এলে সেই সমস্যা মেটানোর দাবি জানাব।
প্রধান বলেন, আমরা বাসিন্দাদের দাবি শুনে তা পূর্ণ করতেই এই কর্মসূচি নিয়েছি। গ্রাম পঞ্চায়েত থেকে সব সমাধান করার চেষ্টা হবে। বেশি অর্থ প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 
 
Advertisement
সম্পর্কিত সংবাদ