Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে পুকুর ভরাট তপনে প্রাণনাশের হুমকি পেয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন প্রতিবাদী

অবৈধভাবে পুকুর ভরাট তপনে প্রাণনাশের হুমকি পেয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন প্রতিবাদী
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম ও তপন: আর্থমুভার দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রমোটারদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে সরগরম তপন ব্লকের করদহ এলাকা। 
Advertisement
বাসিন্দাদের অভিযোগ, ওই পুকুর ভরাটের ঘটনায় বালুরঘাটের কিছু প্রমোটার যুক্ত। তার মধ্যে একজন তৃণমূল নেতা। ফলে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। বিষয়টি নিয়ে তপন ব্লক ভূমি দপ্তর নির্বিকার বলে স্থানীয়দের অভিযোগ। যদিও পুরো ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হারিশ রাসিদ। তিনি বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। যদি কেউ অবৈধভাবে পুকুর ভরাট করে থাকে, তা একেবারেই মানা হবে না। তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। অভিযোগকারী তপনের করদহ এলাকার বাসিন্দা সৈয়দ মহসিনআলী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর (বিএলআরও এবং আলআরও), বিডিও এবং তপন থানার আইসি-র দ্বারস্থ হয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, কিছু ব্যক্তি বেআইনিভাবে পুকুরটি ভরাট করেছে। তিনি এ বিষয়ে প্রতিকার চাইছেন। তাঁর দাবি, পুকুরটি তাদের শরিকি সম্পত্তির অংশ। যা বছরের পর বছর ধরে তাদের পরিবারের মালিকানাধীন ছিল। তবে সম্প্রতি কিছু ব্যক্তি বিনা অনুমতিতে পুকুরে মাটি ফেলে সেটি দখলের চেষ্টা করছে। তিনি জানান, এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভয় দেখাচ্ছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবিষয়ে অভিযোগকারী বলেন, আমার এবং কয়েকজন শরিকের পুকুর তিনজন অবৈধভাবে ভরাট করেছে। আমি বাধা দিতে গেলে প্রাণে মারার ভয় দেখায়। বিভিন্ন আধিকারিকের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনও লাভ হল না।   যদিও বা তপনের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমেন সাহা বলেন, এর আগেও পুকুরে মাটি ফেলা হয়েছিল। তা তুলে দেওয়া হয়েছে। এরপরে যে মাটি ফেলা হয় সেটা নিয়ে দু’পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার দু’পক্ষই তাদের আমিন নিয়ে এসে জায়গা মাপজোখ করবেন।  মাপজোখ করে পুকুরের অংশ ভরাট করা থাকলে সেখান থেকে মাটি তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।  
বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, তৃণমূলের নেতারা সব জায়গায় অবৈধ কাজের সঙ্গে যুক্ত। বালুরঘাটের নেতারা তপন ব্লকে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পুকুর ভরাট করছে। 
তৃণমূল বলেই প্রশাসন চুপ। পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী। তিনি বলেন, বিজেপি ভুয়ো অভিযোগ করছে। তৃণমূল এই ঘটনায় যুক্ত নয়। যদি কেউ অবৈধভাবে পুকুর ভরাট করে, তাহলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ