Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরার উপর আর্টিফিসিয়াল ক্লে দিয়ে দুর্গার মৃণ্ময়ী রূপ, মানবসেবার কাজের ফাঁকে সৃষ্টি সুখের উল্লাসে নার্স অনিন্দিতা

রোগীদের সেবাযত্নের মাঝেই শিল্পকর্ম তৈরির প্রবল আগ্রহ। নিজস্ব সেই  সৃজনশীলতায় ভর করে এবার নজর কাড়তে শুরু করেছেন রায়গঞ্জ শহরের এক নার্সিংহোমের নার্স অনিন্দিতা রায় (২৩)।

সরার উপর আর্টিফিসিয়াল ক্লে দিয়ে দুর্গার মৃণ্ময়ী রূপ, মানবসেবার কাজের ফাঁকে সৃষ্টি সুখের উল্লাসে নার্স অনিন্দিতা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রোগীদের সেবাযত্নের মাঝেই শিল্পকর্ম তৈরির প্রবল আগ্রহ। নিজস্ব সেই  সৃজনশীলতায় ভর করে এবার নজর কাড়তে শুরু করেছেন রায়গঞ্জ শহরের এক নার্সিংহোমের নার্স অনিন্দিতা রায় (২৩)। অবসর সময়ে সরার উপর আর্টিফিসিয়াল ক্লে দিয়ে বানিয়েছেন সুসজ্জিত দেবীদুর্গার শিল্পকর্ম। সেইসঙ্গে একই সামগ্রী দিয়ে পৃথকভাবে বানিয়ে চলেছেন বাহারি সব আলপনা, দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মুখমণ্ডল। যা ইতিমধ্যে নজর কেড়েছে রায়গঞ্জের বেশকিছু রেস্তোরাঁ, গৃহস্থের। শিল্পকর্ম নিতে একের পর এক অর্ডার আসতে শুরু করেছে। শুধু তাই নয়, নিজের তৈরি সেই শিল্পকর্ম নিজেই পৌঁছে দিচ্ছেন গ্রাহকদের দুয়ারে। দুর্গাপুজোর সপ্তাহ দুয়েক আগে এমন অভিনব পন্থায় খুশি সাধারণ হস্তশিল্পপ্রেমীরাও।

Advertisement

ছোটবেলা থেকেই আঁকা শেখা শুরু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আর্ট স্কুলে ধারাবাহিকভাবে আঁকা শেখাও চলতে থাকে শহরের ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনির অনিন্দিতার। তবে উচ্চমাধ্যমিকের পর নার্সিংয়ের পড়াশোনা শুরু হওয়ায়, শিল্পকর্ম তৈরি কিছুদিনের জন্য স্তব্ধ হয়। ২০২৩ সালে আর জি কর থেকে জিএনএম ডিগ্রি সম্পূর্ণ হয় তাঁর। একবছর ধরে শহরের উকিলপাড়ার একটি নার্সিংহোমে নার্সের চাকরি করছেন। বর্তমানে তিনি ওই নার্সিংহোমের আইসিইউতে কর্মরত। সেখানে রোগীদের ইনজেকশন দেওয়া থেকে রোগীসেবার নানা কাজ করতে হয় তাঁকে। ৬ ঘণ্টার সেই ডিউটির পর বাড়ি ফিরে সমান তালে সৃষ্টিসুখের আনন্দে শিল্পকর্ম বানিয়ে চলেছেন। নিছক শখ থেকেই আর্টিফিসিয়াল ক্লে দিয়ে রকমারি রং, কাচের টুকরো,আঠা ইত্যাদি দিয়ে ঘাসবোর্ডের উপর সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে দুর্গার প্রতিকৃতি তৈরি শুরু করেন। 
অনিন্দিতা বলেন, নিজের শিল্পকর্মকে সকলের থেকে আলাদাভাবে ফুটিয়ে তোলাই ছিল লক্ষ্য। তাই নিজের শখ থেকেই আর্টিফিসিয়াল ক্লে ব্যবহার করে মা দুর্গার প্রতিকৃতি বানানোর পাশাপাশি রকমারি আলপনা, লক্ষ্মী-গণেশ, কার্তিক, সরস্বতীর মুখমণ্ডল ইত্যাদি তৈরি করি। খুব আনন্দ হয় যখন রায়গঞ্জের কেউ আমাকে শিল্পকর্ম তৈরির অর্ডার দেন এবং চাহিদা অনুযায়ী তৈরি করে পৌঁছে দিই। এ ব্যাপারে সহযোগিতা পাই ভাই জয়দীপ্ত রায় ও মা বন্দনা শর্মা রায়ের কাছ থেকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ