নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে ৩৬টি রাফাল। ফ্রান্স থেকে কেনা এই যুদ্ধ বিমানগুলির মধ্যে ২৮টি এক আসন (ই এইচ) এবং আটটি দুই আসন (ডি এইচ) বিশিষ্ট। সরকারি পরিসংখ্যান আপাতত সেকথাই বলছে। তবে ফ্লাইটগ্লোবাল নামে ব্রিটিশ ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির ২০২৭ ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ ডিরেক্টরিতে ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে সক্রিয় রাফালের সংখ্যা কমিয়ে ৩২টি দেখানো হয়েছে। অপারেশন সিন্দুরের ১৮ মাস পর ভারতের রাফাল সংখ্যা হ্রাস নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। একাংশের প্রশ্ন, তাহলে কি পাকিস্তানের তরফে রাফাল ধ্বংসের দাবি সত্যি ছিল? আন্তর্জাতিক রিপোর্ট কি ইসলামাবাদের কথাতেই সিলমোহর দিচ্ছে? যদিও পুরো বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সূত্র মারফত জানা গিয়েছে, মন্ত্রকের তরফে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি ব্রিটিশ সংস্থাটিকে। ‘ফ্লাইটগ্লোবালে’র দাবি খারিজ করে দিয়েছেন অপারেশন সিন্দুরে অংশ নেওয়া বায়ুসেনার প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। এর আগে ওই সংস্থার তরফে যে রাফালগুলির ধ্বংস হওয়ার তথ্য দেওয়া হয়েছিল, সেগুলি পরের দিকে বিভিন্ন আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়েছে।’
সিরিয়াম নামক বিমান পর্যবেক্ষক সংস্থার তথ্যকে কাজে লাগিয়ে প্রতিবদিনটি তৈরি করা হয়েছে। যুদ্ধবিমানের গতিবিধি, ফ্লাইট-ট্র্যাকিং তথ্য, উপগ্রহ চিত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক নথির ভিত্তিতে তৈরি করা হয় এই ডেটাবেস। আর ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এই ধরনের আন্তর্জাতিক ডিরেক্টরি কোনো দেশের সরকারি পরিসংখ্যান নয়। বরং অনুমানভিত্তিক একটি খতিয়ান। এখানে বিমানগুলিকে সক্রিয় তালিকা থেকে বাদ দেওয়ার স্পষ্ট ব্যাখাও থাকে না। মজার বিষয়টি হল, ফ্লাইটগ্লোবালের ২০২৬ সংস্করণে ভারতে সক্রিয় রাফালের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ৩৫ করা হয়েছিল। এবার আচমকা আরও তিনটি কমিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টে পাকিস্তানি বায়ুসেনার হাতে থাকা সাব ২০০০ এরিআই নজরদারি বিমানের সংখ্যা ন’টি থেকে কমিয়ে সাতটি দেখানো হয়েছে।
সম্প্রতি জানা গিয়েছে, আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। যদিও এক ফরাসি সংবাদমাধ্যমের দাবি, এক্ষেত্রে যুদ্ধবিমানটির নকশা, প্রযুক্তিগত বিষয় ও অপারেশন সংক্রান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের কাছে নাও থাকতে পারে।



