নিজস্ব প্রতিনিধি, বরানগর: ট্রলি ব্যাগে ভর্তি গাঁজা। পর্যটকের মতোই ওই ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিলেন দম্পতি। সঙ্গে ছিলেন আরও এক জন। কিন্তু শেষ রক্ষা হল না। স্থানীয় এজেন্টের হাতে গাঁজা ভর্তি ব্যাগ হস্তান্তরের আগেই নিউ বারাকপুর থানার পুলিসের হাতে গ্রেপ্তার হলেন তিন পাচারকারী। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম দেবাশিস বৈরাগী, নিশা ঘোষ ও প্রসেনজিৎ রায়। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের কাছ থেকে ১২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দেবাশিসের স্ত্রী নিশা। তাঁদের বাড়ি দত্তপুকুর এলাকায়। প্রসেনজিতের বাড়ি কোচবিহারের সাহেবগঞ্জে। রবিবার দুপুরে ধৃতরা সোদপুর স্টেশনে নেমে অটোয় নিউ বারাকপুরে পৌঁছন। তাঁদের ট্রলি ব্যাগে গাঁজা ভর্তি ছিল। তালবান্দা এলাকার স্থানীয় এক এজেন্টকে ওই গাঁজা সরবরাহ করার ছক ছিল। কিন্তু তার আগেই পুলিস তাঁদের পাকড়াও করে। হাতেনাতে গ্রেপ্তার হয়ে ওই দম্পতি জানিয়েছে, টাকার অভাব থেকে তারা এই কাজ শুরু করেছিল। তদন্তে পুলিস জেনেছে, তাঁরা এই ধরনের চোরাচালানে নিশাকে সঙ্গে নিতেন। যাতে কেউ কোনও সন্দেহ না করে। এই গাঁজা উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল। পুলিস ধৃতদের জেরা করে স্থানীয় এজেন্টের নাম জানার চেষ্টা করছে। পাশাপাশি তাঁরা আর কোথায় গাঁজা চোরাচালান করেছে, তা জানার চেষ্টা করছে। ঘোলার এসিপি তনয় চট্টোপাধ্যায় বলেন, ধৃতদের জেরা করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।



