‘দেবারা: পার্ট ওয়ান’ ছবিতে জাহ্নবী কাপুরের পোশাক ঘিরে নানা সমালোচনা হয়েছিল। তা নিয়ে ক্ষমাও চেয়েছিলেন নির্মাতারা। এবার জাহ্নবী ও ছবির নায়ক জুনিয়র এনটিআরের একটি গানের দৃশ্যকে এআইয়ের সাহায্যে বিকৃত করার অভিযোগ উঠল। তা দেখে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা জুনিয়র এনটিআর। সেই বিকৃত ভিডিয়ো সরানো না হলে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিলেন তিনি। আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘অসহ্য, জঘন্য, নির্লজ্জ। যে দেশে নারীদের মা ও দেবী হিসাবে সম্মান করা হয়, যেখানে মাতৃদেব ভব সংস্কৃতির অংশ, সেখানে মানুষ এতটা নীচে নেমে গিয়েছেন তা ভেবেই অবাক হচ্ছি। এমন জঘন্য কনটেন্ট তৈরি করতে এআই-এর ব্যবহার লজ্জাজনক।’



