টলিউডে ফের আসছে নতুন জুটি। পরিচালক আতিউল ইসলামের ‘মহরত’ ছবিতে জুটি হিসেবে অভিনয় করেছন ঋত্বিকা সেন এবং মীর। ইতিমধ্যেই ছবিটির শ্যুটিং শেষ হয়েছে। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য প্রমুখের অভিনয় দেখবেন দর্শক। চিত্রনাট্য অনুযায়ী শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা পরিচালক। ডিভোর্সের প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা ও সৃজনের। সেখানেই খুন হয় অপর্ণা। তদন্ত শুরু হয়। প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশের মানুষটিও একদিন শত্রু হয়ে ওঠে, তা ধরা রয়েছে এই ছবির গল্পে।



