সংবাদদাতা, কল্যাণী: হরিণঘাটায় সজল দাস নামে এক ব্যক্তি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার সময় জমা দিয়েছিলেন জন্মের জাল শংসাপত্র। ঘটনার কথা জানার পর হরিণঘাটার বিডিও থানায় অভিযোগ করেন। পুলিস তদন্ত শুরু করে জাল সার্টিফিকেট তৈরির চক্রের পান্ডা লিটন দেবনাথকে গ্রেপ্তার করেছে। ধৃত সজলও। জানা গিয়েছে, ফতেপুর পঞ্চায়েতের বারাসত পাড়ার বাসিন্দা সজল ভোটার কার্ডের জন্য ব্লক অফিসে আবেদন করেছিলেন। স্ক্রুটিনিতে তাঁর বার্থ সার্টিফিকেট দেখে আধিকারিকদের সন্দেহ হয়। দেখা যায় শংসাপত্রটি জাল। সজল জানান, লিটন নামে এক ব্যক্তিকে টাকা দিয়ে শংসাপত্রটি তৈরি করিয়েছেন। লিটন ও সজলকে গ্রেপ্তার করে পুলিস। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্য সদস্যদেরও নথি যাচাই হবে। বিডিও মহাশ্বেতা বিশ্বাস বলেন, ‘এই ঘটনায় আর কারা জড়িত তা দেখতে বলা হয়েছে পুলিসকে।’



