নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাস্তার ধারেই চলছিল নেশার আসর। তার প্রতিবাদ করায় এক টোটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আমডাঙার আদহাটা এলাকায়। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অন্যান্য টোটোচালকরা। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার সকালে টোটো নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক যুবক। সেই সময় আদহাটা এলাকায় বেশ কয়েকজন যুবক নেশার আসর বসিয়েছিল। এর প্রতিবাদ করেন তিনি। তখনই যুবকরা চড়াও হয় ওই টোটোচালকের উপর। গাড়ি বন্ধ করে চালককে টেনে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর অন্যান্য টোটোচালকরা এসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে নৈহাটি-হাবড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।



