Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নারকেলডাঙায় বিক্ষোভ, ক্ষমা চাইলেন শচীন সিং

নারকেলডাঙায় বিক্ষোভ, ক্ষমা চাইলেন শচীন সিং
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের কাছে ক্ষমা চাইলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শচীন সিং। নারকেলডাঙা অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিমের সামনে স্থানীয় জনতার বিক্ষোভ হয়। মেয়রের উপস্থিতিতেই কাউন্সিলারকে ‘চোর চোর’ বলে স্লোগান দেয় ক্ষুদ্ধ জনতা। শচীন সিং নিজে থানা ঘেরাও করেন। তাতে মেয়র এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মর্মে তাঁকে শো-কজ করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে পুরসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তকে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন শচীন সিং। জবাবি চিঠিতে তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও খামতি হয়ে থাকলে এবং তাঁর কাজের জন্য নেতৃত্ব বা দলকে অস্বস্তির মধ্যে পড়তে হলে ক্ষমা চাইছেন। এই প্রসঙ্গে বাপ্পাদিত্য বলেন, শো-কজ লেটার ও কাউন্সিলারের জবাবি চিঠি মেয়রের কাছে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 
Advertisement
যদিও, চিঠিতে শচীন দাবি করেছেন, মেয়রের উপস্থিতিতে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁরা কেউ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি। তাঁরা সমাজবিরোধী বলে অভিযোগ কাউন্সিলারের। শচীনের অভিযোগ, তাঁদের অবৈধ ব্যবসা বন্ধ করতে তিনি মেয়রের কাছে অনুরোধ জানিয়েছিলেন এবং তার জেরে অবৈধ জলের ব্যবসা বন্ধ হয়ে যায়। সেই রাগ থেকেই এই বিক্ষোভ সংঘঠিত করা হয়েছিল। পাশাপাশি, কাউন্সিলারের আরও দাবি, ওই সমাজবিরোধী গোষ্ঠী স্থানীয় জনতাকে ক্ষেপিয়ে তুলেছিল। ভুল বোঝানোর জন্যই জনতার মধ্যে আক্রোশ তৈরি হয়। তবে, পরে এলাকা শান্ত হয়। পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের যাবতীয় সাহায্য করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ