Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নির্বাচন পিছিয়ে দিতে কি নয়া কৌশল নিচ্ছেন ইউনুস, প্রশ্ন বিএনপির

বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপর ক্রমাগত চাপ দিচ্ছে বিএনপি। এবার তারা অভিযোগ তুলল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন।

নির্বাচন পিছিয়ে দিতে কি নয়া কৌশল নিচ্ছেন ইউনুস, প্রশ্ন বিএনপির
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপর ক্রমাগত চাপ দিচ্ছে বিএনপি। এবার তারা অভিযোগ তুলল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন। শুক্রবার একটি অনুষ্ঠানে ইউনুস প্রস্তাব দিয়েছিলেন, ভোটারদের ন্যূনতম বয়স কমিয়ে ১৭ বছর করা হোক। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রধান উপদেষ্টার এই প্রস্তাব নিয়ে আক্রমণ শানান। তিনি দাবি করেন, ভোটারদের ন্যূনতম বয়স হঠাত্ করে এখন কমিয়ে দেওয়ার অর্থ হল, আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। আর সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে। ফখরুলের মতে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা না করে ইউনুসের এমন মন্তব্য করাই উচিত হয়নি। ভোটারদের বয়স কমানো উচিত কি না, তা নিয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নিতে পারত। 
Advertisement
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছিলেন, নিজেদের ভবিষ্যত্ বেছে নেওয়ার অধিকার তরুণ প্রজন্মকে দেওয়া উচিত। এর জন্য ভোটারদের ন্যূনতম বয়স ১৭ বছর করা হলে ভালো হয়। শনিবার সেই বিষয়টি নিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে মুখ খোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি প্রধান উপদেষ্টা হয়ে যখন বলেন ভোটারদের বয়স কমানো উচিত, তখন তা স্বাভাবিকভাবেই কমিশনের উপর চাপ তৈরি করবে। ফলে সাধারণ মানুষের মনে হওয়া স্বাভাবিক যে, এসব করে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা হচ্ছে, আর এতে ফলে নির্বাচন আরও পিছিয়ে যাবে।’ 
তিনি বলেন, ‘এখন বাংলাদেশে ভোটারদের ন্যূনতম বয়স ১৮ বছর, তাতে কারও কোনও সমস্যা নেই। যদি এই বয়স কমাতেই হয়, তাহলে কমিশন নিজে প্রস্তাব দিক। তাদেরকেই সিদ্ধান্ত নিতে দিন। তারপর রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ এদিন ফের একবার দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন ফখরুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশে আরও দু-তিনটি নতুন রাজনৈতিক দল তৈরি হবে। রাষ্ট্রীয় গোয়েন্দাদের মদতে ইউনুসই নতুন দল খুলতে চাইছেন বলে আগেই অভিযোগ করেছে বিএনপি। সেই প্রসঙ্গে এদিন ফখরুল বলেন, ‘একশো-দুশো দল হলেও আমাদের আপত্তি নেই। কিন্তু তাতে জাতির কতটুকু উপকার হবে, সবাই সেই চিন্তাই করছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ