নয়াদিল্লি: মঙ্গলবার সবচেয়ে উত্তপ্ত ছিল কালকাজি কেন্দ্র। সেখানে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী তথা আপ প্রার্থী আতিশীর বিরুদ্ধে। অভিযোগ, ৫০ থেকে ৭০ জন সমর্থক নিয়ে ফতে সিং মার্গে ঘোরাঘুরি করছিলেন আতিশী। তাঁর সঙ্গে ছিল ১০টি মোটর গাড়ি। আদর্শ আচরণ বিধি মনে করিয়ে তাঁকে সরে যেতে বলে পুলিস। তবে সরে যাওয়া দূরস্থান, পুলিসকর্মীদের উপর চড়াও হন আপ কর্মীরা। এই অবস্থায় গোবিন্দপুরী থানায় আতিশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস। ডিসিপির (দক্ষিণ-পূর্ব) পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মঙ্গলবার জমায়েতের খবর পেয়ে বাবা ফতে সিং মার্গে পৌঁছয় পুলিস। হেড কনস্টেবল কৌশল পাল ভিডিওগ্রাফি করতে শুরু করলে আপের দুই সদস্য অস্মিত এবং সাগর মেহতা তাঁকে বাধা দেয়। মারধরও করা হয়।’ কৌশলের গালে চড় মারা হয় বলেও অভিযোগ। এরপরেই বিজেপি, দিল্লি পুলিস এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আতিশী। তাঁর অভিযোগ, বিজেপি গুণ্ডামি করে চলেছে। আর তাদের রক্ষা করে চলেছে দিল্লি পুলিস এবং নির্বাচন কমিশন। এদিন নির্দিষ্টভাবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিরুদ্ধে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বিজেপি প্রার্থী রমেশ বিধুরি এবং তাঁর পরিবারের সদস্যরা প্রকাশ্যে গুণ্ডামি করে চলেছেন। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। উল্টে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হল। দিল্লির মানুষ সবই দেখছেন।’ আপের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে নির্বাচন কমিশনের উপর। আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেন, ‘বিজেপির নির্বাচনী বিধিভঙ্গ চোখেই পড়ছে না কমিশনের।’



