নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনসিওরেন্স ইনস্টিটিউট অব নেপালের আয়োজনে কলকাতা ও হলদিয়া সফরে এলেন নেপালের বিমা সংস্থার কর্তাব্যক্তিরা। নেপালে পণ্য পাঠানোর জন্য কলকাতা ও হলদিয়া বন্দর ব্যবহার করা হয়। সেসব পণ্যের বিমা থাকলেও, বন্দরে কীভাবে পণ্যের ব্যবস্থাপনা হয়, সেই সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে ও প্রশিক্ষণ নিতেই তাঁরা এখানে এসেছেন। নেপালের বিমা নিয়ন্ত্রক সংস্থা নেপাল ইনসিওরেন্স অথরিটির প্রতিনিধির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সাধারণ বিমা সংস্থার কর্তারাও রয়েছেন দলে। সোমবার নিউটাউনের এক হোটেলে তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, যার উদ্বোধন করেন বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি এই সফরে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোচনায় উপস্থিত ছিলেন বিমা নিরীক্ষক সংস্থা ম্যাকলরেন্স ইন্ডিয়ার এমডি অমরনাথ মারিয়া, প্রশিক্ষক ক্যাপটেন রাহুল ভার্মা, জেনারেল ম্যানেজার ও প্রশিক্ষণ অফিসার গৌতম আচার্য, ন্যাশনাল ইনসিওরেন্সের জেনারেল ম্যানেজার কস্তুরী সেনগুপ্ত সহ অন্য আধিকারিকরা। এদিনের আলোচনার বিষয় ছিল ‘পোর্ট টু পলিসিজ’। আজ মঙ্গলবার গোটা টিমের হলদিয়া বন্দর ঘুরে দেখার কথা। তাঁরা ন্যাশনাল ইনসিওরেন্সের সদর দপ্তরও ঘুরে দেখবেন এবং এখানে কীভাবে বিমা সংক্রান্ত কাজ হয়, তা জানবেন।



