সংবাদদাতা, মালদহ: এবার বিভিন্ন জনপ্রিয় অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে মালদহের আম ক্রেতাদের দুয়ারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা শুরু করল জেলা প্রশাসন। এই পরিকল্পনা কার্যকর করতে বিস্তারিত পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে নিবিড় সমন্বয়ের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এতে জেলার আম উৎপাদকদের আর্থিক উন্নতির পাশাপাশি ব্র্যান্ডিং অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, মালদহের আমের সুনাম এবং বিপুল চাহিদা রয়েছে। এই আম এবার রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ব্লিংকিট, অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো পরিচিত অনলাইন সংস্থার মাধ্যমে মালদহে উৎপাদিত বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম সহজে পৌঁছে দেওয়া সম্ভব বলে প্রস্তাব এসেছে। সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মালদহের অনেকগুলি স্বনির্ভর গোষ্ঠী আম উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণনের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধান ও পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওই সংস্থাগুলিকে এই অনলাইন বাণিজ্য সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের মধ্যে রাখলে পুরো প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং ফলপ্রসূ হবে বলে মনে করছে জেলা প্রশাসন।
এর পাশাপাশি এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (অ্যাপেডা) এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের (আইকার) মতো সংস্থার পরামর্শও নেওয়া হবে এই বিপণন ব্যবস্থা সাজানোর জন্য।
আমপ্রেমীদের দোরগোড়ায় এই আম পৌঁছে দেওয়ার আগে প্রয়োজনীয় প্যাকেজিংও গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। জেলাশাসক বলেন, পুরো বিষয়টি পরিকল্পনার স্তরে থাকলেও সবদিক খতিয়ে দেখেই এগচ্ছি। এছাড়া মালদহের আমের উন্নততর বিপণন নিয়ে আমাদের আরও বেশকিছু অভিনব পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালদহের আম উৎপাদক এবং বিপণনকারীরা। মালদহ ম্যাংগো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেন, মালদহের আমের গুণমান প্রশ্নাতীত। এখন এই আমের বিপণন যত বৃদ্ধি পাবে, আম উৎপাদকদের উৎসাহ বাড়বে। এখন অসংখ্য মানুষ অনলাইনে শাকসবজি, ফলমূল অর্ডার করেন। এর সঙ্গে মালদহের আম যুক্ত হলে চাহিদা যেমন বাড়বে, বাণিজ্যিক প্রতিযোগিতাতেও অনেকটা এগিয়ে যাবে।
আমপ্রেমীরাও মনে করছেন, এই পরিকল্পনা দ্রুত কার্যকর হলে মালদহের আমের উৎপাদন এবং বিপণনের নতুন দিক উন্মোচিত হবে। • মালদহে বিকোচ্ছে আম। - নিজস্ব চিত্র।