একাধিক ভূমিকা একা হাতে সামলাচ্ছেন কুণাল খেমু। কী তাঁর সিক্রেট? ফাঁস করলেন এক আড্ডায়।
কেবল অভিনয়ই নয়, পরিচালনা, চিত্রনাট্য লেখা, প্রযোজনা— সব দায়িত্ব নিজের হাতে সামলান কুণাল খেমু। কতখানি চ্যালেঞ্জিন সেটা? ‘কাজ উপভোগ করলে আর চ্যালেঞ্জিং মনে হয় না’, হেসে বললেন কুণাল। ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ তাঁর। চলতি বছর মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘ভাইব’। দর্শকের কেমন প্রতিক্রিয়া পেলেন? কুণালের কথায়, ‘প্রশংসাই পেয়েছি। দর্শকের আমার কোনো কাজ ভালো না লাগলে, নিজেকে প্রমাণ করার কোনো জায়গা নেই।’ বক্স অফিস প্রসঙ্গে কুণাল বললেন, ‘ইন্ডাস্ট্রি সংখ্যার উপরই চলে। তবে ব্যক্তিগতভাবে আমি সংখ্যার বিষয়টা খুব একটা দেখি না। প্রযোজক হিসাবে আমার একজন অংশীদার রয়েছেন, চিরাগ নিহালানি। তিনি এই বিষয়টা খুব ভালো বোঝেন। তাই এই কাজটা আমি তাঁকেই করতে দিই।’
কুণালের মতে, এখন সিনেমা বানানো আগের তুলনায় অনেক কঠিন। তাঁর ব্যাখ্যা, ‘টেলিভিশন থাকা সত্ত্বেও আগে মূল বিনোদন ছিল সিনেমাই। এখন ডিজিটাল মাধ্যম আছে, এছাড়া আরও অনেক ধরনের বিনোদনের মাধ্যম রয়েছে। তাই প্রতিযোগিতাও অনেক বেড়েছে।’ কুণালের সংযোজন, ‘বিশ্ব সিনেমা এখন হাতের মুঠোয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ওটিটি কনটেন্টও মানুষ এখন দেখতে পাচ্ছেন। তাই নিঃসন্দেহে এখন পরিস্থিতি অনেক কঠিন। তবে ভালো বিষয়বস্তু দর্শকের কাছে পৌঁছানোর পথ ঠিকই খুঁজে নেবে।’
কুণালের ‘ভাইব’ ছবিতে প্রীতি জিন্টা, স্পর্শ শ্রীবাস্তব অভিনয় করেছেন। এই অ্যাকশন কমেডি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্পর্কে তিনি কুণালের শাশুড়ি। এই কাস্টিং-এর প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘শর্মিলা ঠাকুর আমার শাশুড়ি, কিন্তু তারও আগে তিনি একজন অসাধারণ অভিনেত্রী। কিংবদন্তি। ছবিতে একটি ক্যামিও চরিত্র ছিল, যেটি আমি চেয়েছিলাম শর্মিলাজি করুন। শর্মিলাজিকে ‘টেক’, ‘কাট’ বলতে পারা আমার সৌভাগ্য।’ সোহা আলি খানের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে কুণাল বলেন, ‘একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে অনেক কিছুই আমার খেয়াল থাকে না। বাড়িতে সবকিছু সোহাই সামলায়। তাই আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। আমরা কেবল স্বামী-স্ত্রী নই, বাবা-মাও। তবে সংসার ও সন্তানদের দায়িত্বের ক্ষেত্রে সোহাই অনেক বেশি পরিশ্রম করে। আমি যখন সময় পাই, ওর পডকাস্টের কাজকে উৎসাহ দিই। ওকে নিজের কাজের জন্য সময় করে দিই’। দেবারতি ভট্টাচার্য, মুম্বই



