Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

এবার সেইফার্ট, রাচীনদের খেলানো উচিত কেকেআরের

পর পর দুই ম্যাচে হার। বোলিং চিন্তা তো ছিলই। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে বশ মানার পর ব্যাটিংও প্রশ্নের মুখে।

এবার সেইফার্ট, রাচীনদের খেলানো উচিত কেকেআরের
  • ৪ এপ্রিল, ২০২৬ ১৫:০৪

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর পর দুই ম্যাচে হার। বোলিং চিন্তা তো ছিলই। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে বশ মানার পর ব্যাটিংও প্রশ্নের মুখে। বিশেষ করে ক্যামেরন গ্রিনকে নিয়ে হতাশা বাড়ছে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং সরাসরি তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। 

Advertisement

আন্দ্রে রাসেল অবসর নেওয়ার পর দক্ষ অলরাউন্ডার হিসেবেই অজি তারকাকে দলে নেওয়া। সেই পরিকল্পনা পিছনের সারিতে। কারণ, প্রথম ম্যাচে ১৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ। ২৫ কোটির ক্রিকেটারটি বলও করছেন না। তাই প্রশ্ন, গ্রিনকে বয়ে বেড়ানোর কারণ কী? সোমবার নাইটরা ফের নামবে ইডেনে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। হারের হ্যাটট্রিক এড়ানোই বড় চ্যালেঞ্জ রাহানেদের। তার পথ খোঁজাও চলছে।
দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। গ্রিনকে বসিয়ে টিম সেইফার্ট কিংবা রাচীন রবীন্দ্রকে খেলানো হতে পারে। সেইফার্ট স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলতে পারেন। সেক্ষেত্রে অ্যালেনের সঙ্গে তাঁর জুটি জমেও যেতে পারে। নিউজিল্যান্ডের জার্সিতে দু’জনেই ছিলেন সফল। তখন রাহানেকে তিনে নামিয়ে দিলে সমস্যা হবে না।
তবে রাচীন রবীন্দ্রকে খেলানো হলে বোলিংয়ে অপশন বাড়বে। পার্টটাইম স্পিনার হিসেবে অতীতে তিনি চেন্নাই সুপার কিংসকে ভালো সার্ভিস দিয়েছেন। তাই বিকল্প রাচীনও। তবে কেকেআরের আর একটা বড় সমস্যা হল, ডেথ ওভারে পাওয়ার হিটারের অভাব। রিঙ্কু সিং বড়ই মন্থর ব্যাটিং করেন সানরাইজার্সের বিরুদ্ধে। রামনদীপও তথৈবচ। তাই রভম্যান পাওয়ালকে খেলিয়ে এই অভাব ঢাকার সুযোগ রয়েছে। 
কিন্তু কোচ অভিষেক নায়ার কি সাহসী পদক্ষেপ নিতে পারবেন? আসলে পারফরম্যান্স যদি মাপকাঠি হয়, তাহলে দুটো পরিবর্তন অবশ্যই হওয়া উচিত পরের ম্যাচে। বাদ দেওয়া উচিত গ্রিনকে। আর বরুণ চক্রবর্তী টি-২০ বিশ্বকাপের মাঝপথেই ফর্ম হারিয়েছিলেন। আইপিএলে দুটো ম্যাচেই ব্যর্থ। মাত্র দু’ওভার হাত ঘুরিয়েই তাঁকে থামতে হয়েছিল। আসলে বরুণের ফর্মে ফেরার চেয়ে তাঁর মনোবল বাড়িয়ে তোলা এখন বেশি জরুরি। সেক্ষেত্রে দলের জয় অনুঘটকের কাজ করতে পারে। বরুণ না খেললে খুব বড় সমস্যা যে হবে না তা দিনের আলোর মতোই স্পষ্ট। বরং অনুকূল রায়কে পুরো চার ওভার হাত ঘোরানোর সুযোগ দেওয়ার কথা ভাবা উচিত নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের।

সম্পর্কিত সংবাদ