


প্যারিস: কোমরের চোট সারিয়ে ফরাসি ওপেনে হাজির নোভাক জকোভিচ। তাঁর ফিটনেস নিয়ে শঙ্কায় ছিলেন অনুরাগীরা। কিন্তু লাল সুরকির কোর্টে পা রেখেই জোকার বুঝিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে সেরাটা উজাড় করে দিতে তিনি প্রস্তুত। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন সার্বিয়ান মহাতারকা। ফ্রান্সের জিওভানি এমপেৎজি পেরিকার্ডের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জোকার জিতলেন ৫-৭, ৭-৫, ৬-১, ৬-৪ সেটে। এদিন অনন্য এক রেকর্ডও গড়েন তিনি। পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণকারী খেলোয়াড় এখন জকোভিচ (৮২)। এতদিন রজার ফেডেরার (৮১) ও ফেলিসিয়ানো লোপেজের (৮১) সঙ্গে এক আসনে ছিলেন সার্বিয়ান মহারথী। রবিবার দুই প্রাক্তনকে ছাপিয়ে গেলেন তিনি। উল্লেখ্য, কেরিয়ারে মোট ৮২টি গ্র্যান্ড স্ল্যাম আসরে নেমে ২৪টিতে খেতাব জিতেছেন সার্বিয়ান কিংবদন্তি।
শেষ ২০ বছরে গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে কখনো হারেননি জকোভিচ। সেই ধারা বজায় রাখলেন তিনি। শনিবারই ৩৯ বছরে পা দিয়েছেন জোকার। তবে জন্মদিনের উৎসব তুলে রেখে নেমেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায়ের পথে যথেষ্ট ঘাম ঝরাতে হয় তাঁকে। ২২ বছর বয়সি প্রতিপক্ষের সামনে শুরুতে ছন্দ হাতড়াতে থাকেন জোকার। কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত চ্যালেঞ্জের পালটা জবাব দেন তৃতীয় বাছাই তারকা। ২ ঘণ্টা ৫১ মিনিটের লড়াই শেষে কোর্ট ছাড়েন হাসি মুখে। জকোভিচ বলেন, ‘এই জয় আত্মবিশ্বাস বাড়াবে।’ তবে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ৪১ বছর বয়সি স্ট্যান ওয়ারিঙ্কা। তাঁকে ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে হারান জেসপার ডি জঙ্গ।
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এলিনা রিবাকিনা ও ইগা সুইয়াটেক। দ্বিতীয় বাছাই রিবাকিনা স্ট্রেট সেটে হারান ভেরনিকা আর্জাভিচকে। খেলার ফল ৬-২, ৬-২। তৃতীয় বাছাই সুইয়াটেক ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দেন এমারসনকে। এদিকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের প্রচণ্ড গরমে খেলোয়াড়দের সঙ্গে কাহিল দর্শকরাও। বেড়েছে জলের চাহিদা।