Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেলেন নোভাক জকোভিচ

ফরাসি ওপেনে নক্ষত্র পতন অব্যহত। শুক্রবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন নোভাক জকোভিচ।

ছিটকে গেলেন নোভাক জকোভিচ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

প্যারিস: ফরাসি ওপেনে নক্ষত্র পতন অব্যহত। চোটের কারণে রোলা গারোঁয় খেলছেন না কার্লোস আলকারাজ। আবার দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন শীর্ষ বাছাই জানিক সিনার। শুক্রবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন নোভাক জকোভিচ। ব্রাজিলের হোয়াও ফ্রাঙ্কার কাছে পাঁচ সেটের র‌্যালিতে হারলেন তিনি। খেলার ফল ৬-৪, ৬-৪, ৩-৬, ৫-৭, ৫-৭। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে লাল সুরকির কোর্ট ছাড়লেন জোকার। ৩৯ বছর বয়সে প্যারিসের গরম ও ধকল সামাল দিতে পারলেন না তিনি। ম্যাচ শেষে দর্শকদের ধন্যবাদ জানিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান মহাতারকা। তার আগে বলেন, ‘চেষ্টা করেছি। কিন্তু লম্বা র‌্যালি এখন আমার জন্য খুব কঠিন লড়াই। ফ্রাঙ্কা খুব ভালো খেলেছে।’

Advertisement

এদিকে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন অ্যান্ড্রে রুবলেভ। এদিন ফরাসি প্রতিপক্ষ নুনো বর্জেসকে স্ট্রেট সেটে হারালেন তিনি। রুভলেভের পক্ষে খেলার ফল ৭-৫, ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২)। ম্যাচ শেষে তাঁর বক্তব্য, ‘লড়াইটা দারুণ উপভোগ করলাম। নুনো খুব ভালো খেলেছে। তবে আজ দিনটা আমার ছিল।’
প্যারিসে লাল সুরকির কোর্টে মহিলাদের সিঙ্গলসে দাপট জারি রেখেছেন ইগা সুইয়াটেক। শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বদেশী ম্যাগবা লিনটিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন পোল্যান্ডের তারকা। সুইয়াটেকের পক্ষে খেলার ফল ৬-৪, ৬-৪। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের মার্তা কোস্তিউক। এদিন শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখায় সুইয়াটেককে। বেসলাইনের পাশাপাশি ড্রপ শটেও প্রতিপক্ষকে নাস্তানাবুত করেন তিনি। ম্যাচে শেষে তাঁর মন্তব্য, ‘ছন্দ বজায় রাখতে হবে। গত বছর সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম। এবার শিরোপা পুনরদ্ধার করাই আমার লক্ষ্য।’
কেরিয়ারে এখনও পর্যন্ত ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সুইয়াটেক। তার মধ্যে চারটি ফরাসি ওপেন। ২০২২ থেকে ২০২৪ পরপর ট্রফি জিতে হ্যাটট্রিকও করেছেন তিনি। রোলাঁ গারোর কোর্ট তাই হাতের তালুর মতো চেনেন তৃতীয় বাছাই তারকা। স্বভাবতই ফেভারিটের তকমা নিয়ে প্যারিসে এসেছেন পোলিশ তারকা। প্রথম রাউন্ড থেকে সেই দাপট দেখা গিয়েছে তাঁর র‌্যাকেটে। তবে পঞ্চম ফরাসি ওপেন জয়ের ক্ষেত্রে সুইয়াটেকের বড় বাধা হতে পারেন এরিনা সাবালেঙ্কা। তিনিও দুরন্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে শীর্ষ বাছাই সাবালেঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান দারিয়া কাসাদকিনা।

সম্পর্কিত সংবাদ