Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুরক্ষায় অনিয়ম! ১৪টি রুফটপ রেস্তরাঁ বন্ধের নোটিস সেক্টর ফাইভ ও নিউটাউনে

সুরক্ষায় অনিয়ম! ১৪টি রুফটপ রেস্তরাঁ বন্ধের নোটিস সেক্টর ফাইভ ও নিউটাউনে
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতার ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৪ জনের। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে গত দু’দিন ধরে নিউটাউন এবং সল্টলেক সেক্টর ফাইভে অগ্নি-সুরক্ষা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন শুরু করেছিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি (এনকেডিএ) এবং নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। শহরের রুফটপ রেস্তরাঁতেও নজরদারি চালানো হয়েছিল। তাতে অগ্নি-সুরক্ষা নিয়ে বেশকিছু অনিয়ম সামনে এসেছে। তার জেরে নিউটাউনের ৫টি এবং সেক্টর ফাইভের ৯টি মিলিয়ে মোট ১৪টি রুফটপ রেস্তরাঁ বন্ধের জন্য নোটিস দেওয়া হবে। এনকেডিএ এবং এনডিআইটিএ বৈঠক করে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। দুই উন্নয়ন সংস্থা পুলিস ও দমকল কর্তৃপক্ষকে নোটিস পাঠাবে।

Advertisement

অগ্নি-সুরক্ষা খতিয়ে দেখার জন্য এনকেডিএ কর্তৃপক্ষ ৬টি পরিদর্শন দল গঠন করেছে। দু’দিনেই শহরের ২২৭টি এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছে। একইভাবে এনডিআইটিএ কর্তৃপক্ষও সেক্টর ফাইভের বহুতল এবং রুফটপ রেস্তরাঁয় সরেজমিন পরিদর্শন করছে। আগাম সতর্কতার জন্য এই উদ্যোগ। দু’দিনের পরিদর্শনে কোথায় কী অনিয়ম মিলেছে, কী কী করণীয়, তা নিয়েই সোমবার এনকেডিএ’র কনফারেন্স হলে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে দুই উন্নয়ন সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, রুফটপ রেস্তরাঁয় বৈধ অনুমতিপত্র আছে কি না, অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা আছে কি না, ফায়ার নো অবজেকশন সার্টিফিকেটের মেয়াদ আছে কি না, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে। থাকলেও যা যা বিধি মানা দরকার, তা মানা হচ্ছে কি না, সুরক্ষার যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে কি না— সমস্ত খুঁটিয়ে দেখা হয়েছে। তাতে অনেকগুলি ‘অনিয়ম’ দেখা গিয়েছে। তারপরই নিরাপত্তার খাতিরে সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত।
সল্টলেক সহ বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডে কতগুলি রুফটপ রেস্তরাঁ চলছে? তার তালিকা তৈরি করছে পুরসভা। প্রত্যেক কাউন্সিলারকে তালিকা জমা দিতে বলা হয়েছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তালিকা পুলিসকে দেওয়া হবে। পুলিস খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ