নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পলাতক জঙ্গি আমির রেজা খানের বিরুদ্ধে হুলিয়া জারির আইনি নোটিস বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটা হয়েছে বলে আদালতে জানাল এনআইএ। তাকে কলকাতার আদালতে হাজির হওয়ার জন্য ইতিমধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। এই আমির রেজা খান হল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য। ২০০২ সালে কলকাতার মার্কিন তথ্য কেন্দ্রে জঙ্গিহানার মামলারও মূল ষড়যন্ত্রকারীও এই আমির। শনিবার এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন, ওই অভিযুক্তের বিষয়ে আইন মেনে যা যা করনীয় তা করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জঙ্গিকে ফেরার দেখিয়ে আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। কিন্তু যেহেতু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আদালতে এই মামলার শুনানি বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে।



