Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমতল জমি যেন ৫০ ফুট গর্ত, মাটি মাফিয়াদের হুমকিতে মুখে কুলুপ বাসিন্দাদের

সমতল জমি যেন ৫০ ফুট গর্ত, মাটি মাফিয়াদের হুমকিতে মুখে কুলুপ বাসিন্দাদের
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: ছিল সমতল জমি, হয়েছে ৫০ ফুটের গর্ত। রাতারাতি জেসিবি দিয়ে মাটি কেটে পাচার হচ্ছে। এমন অভিযোগ মিলছে দত্তপুকুর, হিঙ্গলগঞ্জ সহ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে। সব ক্ষেত্রেই জড়িয়ে রয়েছেন ‘প্রভাবশালী’রা। ফলে প্রতিবাদ করে, অভিযোগ জানিয়ে কোনও লাভ হচ্ছে না। উল্টে হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনকী তৃণমূলের স্থানীয় নেতাদেরও রেয়াত করা হচ্ছে না। তাঁদের জমি থেকেও দেদার মাটি কাটা হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, এই মাটি মাফিয়ারা এতটাই শক্তিশালী যে তাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতেও ভয় পাচ্ছি আমরা। এদিকে, প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, তাঁরা কোনও লিখিত অভিযোগ পাননি।

Advertisement

কদম্বগাছি পঞ্চায়েতের কাঠালিয়া গ্রামের মহম্মদ রফিকুল পঞ্চায়েত সদস্যার স্বামী। ওই গ্রামে তাঁর জমিতে ৩০টি আমগাছ ছিল। অভিযোগ, রফিকুলের জমির সব গাছ কেটে সাফ করে দিয়েছে দুষ্কৃতীরা। তারপর গত তিন মাস ধরে দেদার মাটি কাটা হচ্ছে। প্রায় ৫০ ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। এত গভীর করে মাটি কাটার ফলে গ্রামের ঢালাই রাস্তায় ধস শুরু হয়েছে বলেও দাবি এলাকাবাসীদের। এছাড়া রোজ মাটিবোঝাই গাড়ির যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তাও।
স্থানীয় বাসিন্দা সহ তৃণমূল নেতা মহম্মদ রফিকুল পুলিস, পঞ্চায়েত থেকে ভূমিদপ্তরে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রফিকুল বলেন, আমাকে নিয়ে ওখানে পাঁচবিঘা জমির তিনজন অংশীদার। কিন্তু আমাকে না জানিয়ে জমির ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে। এরপর চলছে জমি থেকে দেদার মাটি কাটার কাজ। প্রতিবাদ করলে মাটি মাফিয়ারা হুমকি দিচ্ছে। তবে বারাসত ১ বিএলএলআরও অভিজিৎ নিয়োগী বলেন, লিখিত অভিযোগে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, রাত বাড়লেই হিঙ্গলগঞ্জ ব্লকের একাধিক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে মাটির গাড়ি। গাড়িগুলি থেকে রাস্তার উপরে মাটি পড়ে তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। এমন চিত্র দেখা যাচ্ছে সাহাপুর মোড় থেকে স্যান্ডেল বিল হাসপাতাল যাওয়ার রাস্তায়। এর ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে হিঙ্গলগঞ্জ থানা। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, আগে এই সাহাপুর মোড়ে পুলিসকে ডিউটি দিতে দেখা যেত। কিন্তু কিছুদিন আগে থেকে তা আর দেখা যাচ্ছে না। তবে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজি বলেন, বিষয়টি শুনলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ