Bartaman Logo
২ জুন, ২০২৬

মোদি নয়, বিহারে ‘সীতা মন্দিরে’র শিলান্যাসে শাহ! ‘উত্তরসূরি জল্পনা’ দেশজুড়ে

আর ৩৮ দিন বাকি। ৭৫ বছর পূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স। বেশ কয়েকদিন ধরেই নানাবিধ ইঙ্গিত, আরএসএস প্রধানের সংকেতপূর্ণ বার্তা, সংসদ ও সরকারে অমিত শাহের গুরুত্ব হঠাৎ বৃদ্ধি—এমন সমাপতনের জেরে জল্পনার জোয়ার যেন আরও তীব্র হয়েছে।

মোদি নয়, বিহারে ‘সীতা মন্দিরে’র শিলান্যাসে শাহ! ‘উত্তরসূরি জল্পনা’ দেশজুড়ে
  • ৯ আগস্ট, ২০২৫ ১১:০৮

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: আর ৩৮ দিন বাকি। ৭৫ বছর পূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স। বেশ কয়েকদিন ধরেই নানাবিধ ইঙ্গিত, আরএসএস প্রধানের সংকেতপূর্ণ বার্তা, সংসদ ও সরকারে অমিত শাহের গুরুত্ব হঠাৎ বৃদ্ধি—এমন সমাপতনের জেরে জল্পনার জোয়ার যেন আরও তীব্র হয়েছে। মোদি কি ১৭ সেপ্টেম্বরের আগেই ঘোষণা করবেন অবসরের? এবং উত্তরাধিকারী করে যাবেন অমিত শাহকে? এবার এই দীর্ঘ ঘটনাপঞ্জিতে যুক্ত হল আরও একটি বিস্ময়। মন্দির রাজনীতিতে তাঁর অনুপস্থিতি। ২০১৯ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদি। উদ্বোধন করেন ২০২৪ সালের ২২ জানুয়ারি। তখন থেকেই স্থির হয়ে যায় যে, রামচন্দ্রের জন্মস্থানে যেমন মন্দির নির্মাণ হয়েছে, তেমনই সীতার আবির্ভাবস্থলেও হবে নতুন মন্দির। স্বাভাবিকভাবেই প্রত্যাশিত যে, অবশেষে বিহারের সীতামারিতে যখন জানকী মন্দিরের সংস্কার করে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হবে, সেই কর্মসূচির সামনে থাকবেন মো঩঩দিই। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। হয়তো নিখুঁত চিত্রনাট্যও। শুক্রবার সীতামারিতে জানকী মন্দিরের শিলান্যাস হল। হাজার কোটি টাকা ব্যয় করে হবে নতুন সীতামন্দির। কিন্তু সেই মন্দিরের ভূমিপুজো করলেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে তিন মাসের মধ্যে বিধানসভা ভোট। তার প্রাক্কালে সীতামন্দিরের শিলান্যাস। অথচ মোদি বসে রইলেন দিল্লিতে। গোটা কর্মসূচির প্রধান চরিত্র কে? অমিত শাহ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাশে চেয়ারে বসে নিছক দর্শক। কিন্তু শিলা স্থাপন, ভূমি পুজো, আরতি, হোমযজ্ঞ, সব কিছুর ভরকেন্দ্র কে? অমিত শাহ। তিনি অবশ্য ভাষণে বারবার বললেন নরেন্দ্র মোদির কথা। মোদির অনুপ্রেরণা ও দিশানির্দেশেই যে এই মন্দির প্রকল্প নির্মিত হতে চলেছে, সেটাই জানালেন তিনি। কিন্তু বিহার তথা দেশের রাজনীতিতে দিনভর গুঞ্জরিত হল একটাই প্রশ্ন—মোদি নেই কেন? 

Advertisement

বিদেহরাজ জনকের রাজধানী ছিল মিথিলায়। জনকপুরেই হলকর্ষণের সময় উঠে এসেছিলেন সীতামাতা। তাঁকে কন্যা হিসেবে গ্রহণ করেন জনক। বিদেহ রাজ্য ছিল আজকের পূর্ব বিহার থেকে নেপাল পর্যন্ত। জনকপুর এখন নেপালেই অবস্থিত। কিন্তু যেখানে সীতার আবির্ভাব সেই স্থানই আজকের সীতামারি হিসেবে গণ্য করা হয়। আর তাই হলরেখার নামাঙ্কিত সীতার জন্মস্থানও সীতামারি। অযোধ্যায় রামচন্দ্রের মন্দিরে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। স্বাভাবিকভাবেই তাঁর পাশে নেই সীতা। যদিও রামমন্দির সম্পূর্ণ হলে, দ্বিতলে থাকবেন সীতামাতাও। উত্তরপ্রদেশ থেকে বিহার, গোবলয়ের আরাধ্য শুধুই রাম নন। সেখানে ধ্রুবপদ, সিয়ারাম। অতএব সীতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই নরেন্দ্র মোদি ও অমিত শাহ ঘোষণা করেছিলেন, এরপর সীতামাতার মন্দির হবে সীতামারিতে। কিন্তু রামমন্দির শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি, জানকী মন্দির শিলান্যাস করবেন অমিত শাহ—এমন পরিকল্পনা জানা যায়নি। ৬৭ একর বিস্তৃত জানকী মন্দির উদ্বোধন ২০২৮ সালে। অর্থাৎ লোকসভা ভোটের আগে। উদ্বোধনে অবশ্যই থাকবেন মোদি। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে? নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী? জল্পনা তুঙ্গে। 

সম্পর্কিত সংবাদ