Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাতিল ফুল দিয়ে ভেষজ আবির তৈরি করল উত্তর দমদম পুরসভা

বাতিল ফুল দিয়ে ভেষজ আবির তৈরি করল উত্তর দমদম পুরসভা
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফেলে দেওয়া ফুল থেকে গত বছর পরীক্ষামূলকভাবে ভেষজ আবির তৈরি করেছিল উত্তর দমদম পুরসভা। সে আবির সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের পাঠিয়ে সুনাম অর্জন করেছিল। সেই সাফল্যে ভর করে চলতি বছর ভেষজ আবিরের বাণিজ্যিকীকরণ করল পুরসভা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার সামনে ভেষজ আবিরের স্টল উদ্বোধন করলেন। আজ, বুধবার শহরের চারটি জায়গার স্টল থেকে আবির বিক্রি হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি পৃথকভাবে পুজোর ফুলও সংগ্রহ করে উত্তর দমদম পুরসভা। গত কয়েক বছর ধরে এই কাজ চলছে। ২০২৩ সাল পর্যন্ত ফুল ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো। কিন্তু ২০২৪ সালে ফুল ও বেলপাতা থেকে ভেষজ আবির, ধূপ ও জৈব সার তৈরির পরিকল্পনা হয়। সে জন্য মাঝেরহাটি এলাকায় পৃথক শেড তৈরি ও বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্প থেকেও আর্থিক সহযোগিতা জোগাড় হয়। প্রকল্প রূপায়ণে খরচ হয়েছিল প্রায় ৬০ লক্ষ টাকা। শহরের স্বনির্ভর গোষ্ঠীর ২০ জন মহিলা এখানে কাজ করেন। গত বছর ২০ কেজি আবির তৈরি হয়েছিল।
চলতি বছর প্রায় এক টন ভেষজ আবির তৈরি করা হয়েছে। উত্তর দমদম পুরসভার সামনে, পাঠানপুর, বিশরপাড়া ও ২৩৭ বাস স্ট্যান্ড এই চার জায়গায় চারটি স্টল হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আবির ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। ছোট-বড় প্যাকেট থাকবে। পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘ভেষজ আবিরের গুণগতমান ভালো। আশা করি আবিরের চাহিদা বাড়বে।’ এদিন চন্দ্রিমাদেবী বলেন, ‘নাগরিকদের সহযোগিতায় উত্তর দমদম পুরসভা নতুন পথ দেখাল। প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ