Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর দমদম: বকেয়া বেতন সহ একাধিক দাবিতে পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মী বিক্ষোভ উত্তর দমদম পুরসভায়। শুক্রবার সিপিএমের নেতৃত্বে পুরসভার অস্থায়ী কর্মীরা অবস্থান করেন।

উত্তর দমদম: বকেয়া বেতন সহ একাধিক দাবিতে পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মী বিক্ষোভ উত্তর দমদম পুরসভায়। শুক্রবার সিপিএমের নেতৃত্বে পুরসভার অস্থায়ী কর্মীরা অবস্থান করেন। পুরভবনের গেটে তালা লাগিয়ে দীর্ঘসময় বিক্ষোভ দেখান। আন্দোলনের জেরে পুর এলাকায় সাফাইয়ের কাজ ব্যাহত হয়। নাগরিক পরিষেবা সমস্যার মুখে পড়ে। কর্মীরা পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন।

Advertisement

জানা গিয়েছে, উত্তর দমদম পুরসভার আর্থিক অবস্থা বেহাল। উত্তর শহরতলির অন্যান্য পুরসভার মতো তাদেরও ভাঁড়ে মা ভবানি দশা। আর্থিক দুরাবস্থার কারণে কয়েকশো অস্থায়ী কর্মীকে সময়ে বেতন দেওয়া যাচ্ছে না। সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে মাসে দু’দফায় বেতন দেওয়া হচ্ছে। পাঁচবছর হল বাড়ানো হয়নি। 
এর পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সকালে অস্থায়ী কর্মীরা পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, ‘অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। মাসের পাঁচ তারিখের মধ্যে সম্পূর্ণ বেতন দিতে হবে।’ সুরজিৎ কর্মকার নামে এক অস্থায়ী কর্মী বলেন, ‘ভাগে ভাগে বেতন পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ সুরজিৎ নন্দী নামে আর একজন কর্মী বলেন, ‘আমরাই শহর পরিষ্কার রাখি। অথচ সবচেয়ে বেশি অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে আমাদেরই। পাঁচবছর বেতন বাড়ানো তো দূর, নিয়মিত মাইনেই পাচ্ছি না।’ পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘কর্মীদের দাবি অযৌক্তিক নয়। আর্থিক সমস্যার বিষয়টি সরকারকে জানানো হয়েছে।’ নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ