Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাংক ও সোনার দোকানে ডাকাতি রুখতে বারাকপুরে এবার নোডাল অফিসার নিয়োগ

বারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত ব্যাংক এবং স্বর্ণ বিপণিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নোডাল অফিসার নিয়োগ করল বারাকপুর পুলিশ কমিশনারেট।

ব্যাংক ও সোনার দোকানে ডাকাতি রুখতে বারাকপুরে এবার নোডাল অফিসার নিয়োগ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত ব্যাংক এবং স্বর্ণ বিপণিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নোডাল অফিসার নিয়োগ করল বারাকপুর পুলিশ কমিশনারেট। এই নোডাল অফিসাররা নিয়মিত ব্যাংক এবং সোনার দোকানগুলি পরিদর্শন করবেন। খতিয়ে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা। কোথাও ঘাটতি থাকলে কী ব্যবস্থা নিতে হবে, তারও পরামর্শ দেবেন তাঁরা। সাম্প্রতিক অতীতে বারাকপুরের ১৪ নম্বর রেলগেটের কাছে একটি স্বর্ণ বিপণিতে ডাকাতি করতে গিয়ে দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় যারা জড়িত, তারা সকলেই ভিন রাজ্যের অপরাধী। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে।

Advertisement

বারাকপুর মহকুমায় অসংখ্য বড়ো ব্র্যান্ডের সোনার দোকান রয়েছে। শুধুমাত্র কাঁচরাপাড়াতেই ১২৯টি স্বর্ণ বিপণি রয়েছে। পাশাপাশি নাগেরবাজার, বরানগর, সোদপুর, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি তো রয়েছেই। সর্বত্রই ব্যাংক ও স্বর্ণ বিপণিতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি থানা থেকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁর কাজ প্রতিদিন কোনো না কোনো স্বর্ণ বিপণি ও ব্যাংকে যাওয়া, সিসি ক্যামেরা ঠিক আছে কি না, খতিয়ে দেখা। যদি কোনো জায়গায় নতুন করে ক্যামেরা লাগানোর প্রয়োজনীয়তা থাকে, তাও জানাবেন তিনি।
বারাকপুরের পুলিশ কমিশনার হিসাবে প্রবীণ ত্রিপাঠী দায়িত্ব নেওয়ার পর ব্যাংক এবং সোনার দোকানে ডাকাতি রুখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। সেইমতো তিনি নোডাল অফিসার নিয়োগ করেছেন। ইতিমধ্যেই তিনি আচমকা থানায় ভিজিট করা শুরু করেছেন। থানাগুলিতে কর্মরত পুলিশ কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছেন তিনি। মঙ্গলবার ক্রাইম কনফারেন্সে প্রতিটি থানার আইসিকে দাগী অপরাধীদের সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কমিশনারেট এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারেও জোর দিয়েছেন তিনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ