ওয়াশিংটন ২২ আগস্ট: মার্কিন মুলুকে আপাতত কোনও ট্রাক চালানোর জন্য ওয়ার্কিং ভিসা পাবেন না বিদেশি নাগরিকরা। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন, মার্কিনিদের কাজ সংরক্ষণ ও জীবনের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে বিদেশি চালকরা আমেরিকায় ট্রাক-ট্রেলার চালাচ্ছে। যার ফলে মার্কিন ট্রাক চালকরা কাজের সুযোগ হারাচ্ছেন। বিদেশি ট্রাক চালকদের জন্যই মার্কিন মুলুকে দুর্ঘটনা বেশি ঘটছে। তাই বিদেশি ট্রাক চালকদের আপাতত ওয়ার্কিং ভিসা দেওয়া হবে না। এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। প্রসঙ্গত, চলতি সপ্তাহে ফ্লোরিডায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় তিনজনের।
মার্কিন পুলিসের অভিযোগ, এক ট্রাক চালক ফ্লোরিডা দিয়ে যাওয়ার সময়ে মাঝপথেই ভুল ইউ টার্ন নেন। তখনই তার ট্রাকে সোজা গিয়ে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ট্রাক চালকের নাম হরজিন্দর সিং। তিনি ভারতীয় বলে জানা যায়। ইংরেজি বলতে পারে না। এমনকী আমেরিকায় কাজ করার জন্য পর্যাপ্ত নথিও নেই। হরজিন্দরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জেল সাজা হতে পারে। এই দুর্ঘটনার পরেই মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আপাতত আর কোনও বিদেশি নাগরিকদের ট্রাক বা ট্রেলার চালানোর জন্য ওয়ার্কিং ভিসা দেওয়া হবে না। এর ফলে বিপাকে পড়তে চলেছেন আমেরিকায় কর্মরত বহু ভারতীয় ট্রাক চালক। কারণ মার্কিন মুলুকে বেশিরভাগ ট্রাক ও ট্রেলার চালান ভারতীয় স্পষ্ট করে বলতে গেলে পাঞ্জাবিরাই।