ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করল প্রশাসন। জেলবন্দি ইমরানের মুক্তি দাবিতে আগামী সপ্তাহে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন আলিমা। এর পরেই তাঁকে গ্রেপ্তার করা হল। সূত্রের খবর, লাহোর থেকে আলিমাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কোট লাখপত জেলে পাঠানো হয়েছে। ইমরানকে গ্রেপ্তারির পর থেকেই তাঁর মুক্তির দাবিতে সরব আলিমা। মূলত তাঁর উদ্যোগেই সরকারের উপর চাপ সৃষ্টি করতে আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর পরেই ৩০ দিনের জন্য লাহোরে অর্ডিন্যান্স জারি করেন ডেপুটি কমিশনার মহম্মদ আলি ইজাজ। সেই অর্ডিন্যান্সের সাহায্যেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বোনকে গ্রেপ্তার করা হয়। ইমরানের অপর বোন নোরিন বলেন, ‘আমি জানি না ওরা এত কেন ভীত, যে মহিলাদেরও গ্রেপ্তার করছে।’ পিটিআইয়ের অপর নেতা শেখ ওয়াকাস আক্রম এক্স হ্যান্ডলে এই গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আলিমাকে আদালতে পেশ করার দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দাদার হয়ে কথা বলার জন্য এক বোনকে শাস্তি পেতে হচ্ছে।’ এদিকে, অসুস্থ ইমরানের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। জেলের মধ্যে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছে তাঁর সমর্থকদের। পাক সংবাদমাধ্যমের দাবি, শনিবার সরকার পরিচালিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) চিকিত্সকরা প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। রক্তচাপ, কোলেস্টরেল ও চোখ পরীক্ষা করা হয়। গত ১৮ আগস্ট পাক সুপ্রিম কোর্ট ইমরানকে বেসরকারি হাসপাতালে ভরতির নির্দেশ দিলেও জেল কর্তৃপক্ষ তাঁকে পিআইএমএসে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে ফেরত আনে।



