Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসি ছাড়পত্র ছাড়া ভাড়া নয় বিধাননগরে

পুলিসি ছাড়পত্র ছাড়া ভাড়া নয় বিধাননগরে
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক থেকে নিউটাউন। বাগুইআটি থেকে এয়ারপোর্ট। পুলিসের ছাড়পত্র ছাড়া আর বাড়ি ভাড়া দেওয়া যাবে না বিধাননগর কমিশনারেট এলাকায়। এখন থেকে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিলে আগে ভাড়াটিয়াকে নিতে হবে ‘পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি)। বুধবার সন্ধ্যায় বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এই নির্দেশিকা জানানো হয়েছে। 

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে যাঁরা ভাড়া নিয়ে রয়েছেন, তাঁদেরও আগামী আট দিনের মধ্যে পিসিসি সার্টিফিকেট নিতে হবে। না নিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কমিশনারেট। তবে এর জন্য কাউকে হয়রানির শিকার হতে হবে না। বাড়িতে বসে অনলাইনেই পিসিসি পাবেন। পুলিসের দাবি, শহরের নিরাপত্তা ও সুরক্ষার জন্যই এই পদক্ষেপ।
কলকাতার পাশে প্রতিদিন শাখাপ্রশাখা মেলে বেড়ে উঠছে নিউটাউন, রাজারহাট এলাকা। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বহুতলের সংখ্যা। ভাড়াটিয়ার সংখ্যা কয়েক হাজার হয়ে গিয়েছে। বিধাননগরের বহু এলাকা রয়েছে যেখানে মালিকের সঙ্গে ভাড়াটিয়ার কোনও পরিচয়ই নেই। দালাল মারফত লেনদেন হয়। মালিক-ভাড়াটে কেউ কাউকে চেনেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ভাড়াটিয়া নিজে ভাড়ার বাড়ি বা ফ্ল্যাটটি অন্য কাউকে ভাড়া দিয়ে দিচ্ছেন। পুলিস তো দূরের কথা বাড়ির মালিকের কাছেও সে তথ্য থাকছে না। এই প্রবণতা শহরের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কয়েক বছর আগে নিউটাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাটে আস্তানা গেড়েছিল পাঞ্জাবেব দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত। রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স এনকাউন্টার চালিয়ে তাদের খতম করেছিল। সল্টলেক, নিউটাউন ছাড়াও বাগুইআটি, কেষ্টপুর, নারায়ণপুর, কৈখালি, এয়ারপোর্টের মতো এলাকায় বাড়ি ও ফ্ল্যাট ভাড়া নেওয়ার চাহিদা এখন তুঙ্গে। এতদিন ভাড়াটিয়ার আধার কার্ড, ভোটার কার্ড প্রভৃতি তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হতো। কেউ কেউ তা মানতেন। তবে বেশিরভাগ লোকজনই তা মানতেন না। ফলে পুলিসের কাছেও কোনও হিসেব থাকছে না যে, থানা এলাকায় কতজন ভাড়াটিয়া রয়েছেন।
বুধবার সন্ধ্যায় বিধাননগর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে নয়া নির্দেশিকা প্রকাশ করে ঘোষণা করা হয়েছে, বিধাননগরের পুলিস কমিশনার ইতিমধ্যেই প্রতিটি থানায় নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন যাতে বিষয়টি কার্যকর করা হয়।
কোনও ভাড়াটিয়া বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে এলে এবার থেকে ভাড়াটিয়াকেই পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। তার জন্য তাঁকে অনলাইনে আবেদন করতে হবে। পুলিস সেই আবেদন খতিয়ে দেখবে। যদি তাঁর বিরুদ্ধে রাজ্যের কোনও থানায় অভিযোগ না থাকে, তাহলে দ্রুত ছাড়পত্র দেওয়া হবে। তবে কোনও অভিযোগ বা জটিলতা থাকলে ছাড়পত্র মিলবে না। এবার থেকে পুলিসের এই সার্টিফিকেট এবং ব্যক্তিগত পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তারপর বাড়ি ভাড়া নিতে পারবেন ওই ব্যক্তি। দালাল মারফত হোক বা সরাসরি, কেউ ভাড়া নিতে এলে পুলিসি ছাড়পত্রের বিষয়টি বাড়ির মালিককে প্রথম জানাতে হবে, যাতে তাঁরা ছাড়পত্র নিয়েই বাড়িতে ঢোকেন। যাঁরা ভিন রাজ্যের ভাড়াটিয়া, তাঁদেরও একই পদ্ধতিতে ছাড়পত্র নিতে হবে।
এদিন সন্ধ্যায় কমিশনারেটের নিজস্ব ফেসবুক পেজে লাইভ করে কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের এডিসিপি তৌফিক আলি আজহার জানিয়েছেন, পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য‌ pcc.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। কোনও সমস্যা হলে স্থানীয় থানা বা সল্টলেক আরক্ষাভবনে স্পেশাল ব্রাঞ্চের অফিসের সাহায্য নিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ