জয়পুর: আইপিলের কাউন্ট ডাউন শেষ পর্যায়ে। এবারের আসরে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপরে। গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার। দ্রুততম ভারতীয় হিসেবে কোটিপতি লিগে সেঞ্চুরিও করেন ১৪ বছর বয়সি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যা আসে মাত্র ৩৫ বলে। এবারের আসরেও তাঁর থেকে এমন ধুমধাড়াক্কার আশায় ক্রিকেট মহল। প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘বৈভবের ব্যাট চললে রাজস্থানকে কেউ থামাতে পারবে না। এটা ওর দ্বিতীয় মরশুম। এখনও বাচ্চাই বলা যায়। তাই ওকে বেশি চাপে ফেলা উচিত নয়। ও রীতিমতো আকর্ষণীয় প্রতিভা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বৈভভ গত বছরের আইপিএলে যেমন খেলেছিল, সেভাবেই যেন খেলে। প্রথম বল থেকেই চালাক। তবে অন্য দলগুলো নিশ্চিতভাবেই পরিকল্পনা করে রাখবে ওকে থামানোর জন্য।’



