নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনওরকম বিজ্ঞাপন বা প্রচার ছাড়া রাজ্য কেন অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি তালিকা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। ইতিমধ্যেই ওবিসি তালিকা পুনর্বিবেচনা করতে সমীক্ষা শুরু করেছে রাজ্য। তা নিয়ে কোনও বিজ্ঞাপন নেই কেন? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও সম্প্রদায় ওবিসি হিসেবে যোগ্য হওয়া সত্ত্বেও যদি তারা এই সমীক্ষার কথা জানতেই না পারে, তাহলে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাই সকলকে সমীক্ষার বিষয়ে জানাতে হবে। সকলকে আবেদন করার সুযোগ দিতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সর্বস্তরে বিজ্ঞাপন দিয়ে তারপরই সমীক্ষা করা যাবে। যাতে সকলে সমীক্ষা সম্পর্কে জানতে পারেন তাই গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে। রাজ্য স্তরের এবং স্থানীয় সংবাদপত্রেও বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দেখে নতুন যাঁরা ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করবেন, তাঁদের সহযোগিতা করতে হবে বিডিও এবং তাঁর অধীনস্থ অফিসারদের। পাশাপাশি আদালত জানিয়েছে, রাজ্যের করা সমীক্ষায় এখনই হস্তক্ষেপ করা হবে না। হাইকোর্টের নির্দেশ মেনে এই সমীক্ষা চলতে পারে। তবে আদালত নির্দেশ কার্যকর হয়েছে কি না সেই ব্যাপারে রাজ্য এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনকে আগামী ১৫ জুন হলফনামা জমা দিতে হবে। উল্লেখ্য, গতবছর ২২ মে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। তাতে এখনও কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।



