Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জমা পড়ল না মনোনয়ন, সিএবি’র নির্বাচন স্থগিত

শেষ দিন অর্থাৎ বুধবারও জমা পড়ল না কোনও মনোনয়ন। ফলে স্থগিত হয়ে গেল সিএবি’র সচিব, যুগ্মসচিব এবং অ্যাপেক্স কমিটির একটি পদে নির্বাচন।

জমা পড়ল না মনোনয়ন, সিএবি’র নির্বাচন স্থগিত
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ দিন অর্থাৎ বুধবারও জমা পড়ল না কোনও মনোনয়ন। ফলে স্থগিত হয়ে গেল সিএবি’র সচিব, যুগ্মসচিব এবং অ্যাপেক্স কমিটির একটি পদে নির্বাচন। তবে নির্ধারিত সূচি মেনে ২৪ সেপ্টেম্বর হবে বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। তাতে এবার সালকিয়া ফ্রেন্ডস থেকে প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি। তাঁর এই পদেক্ষেপে বিরোধী শিবিরের শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া রাজ্যের শাসক দলের একাধিক বিধায়ক, নেতারও এজিএমে থাকার কথা। তাঁদের পরিবারের সদস্যরাও নাকি থাকতে পারেন।

Advertisement

কিন্তু প্রশ্ন হচ্ছে সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য রেখে কতদিন চলবে সিএবি? নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে শূন্যপদে নতুন প্রতিনিধি নির্বাচন করতে হয়। কিন্তু নির্বাচন না হওয়ায় মেয়াদ অতিক্রান্ত। তাতে সমস্যা বাড়বে সিএবি’র প্রশাসনিক কাজকর্মে। এই প্রসঙ্গে সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘জানি না, কবে শূন্য পদ পূরণ হবে। এই ব্যাপারে আমরা আইনি পরামর্শ নেব।’ ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, জেলাশাসকদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতেই জটিলতার সৃষ্টি। তার বিরুদ্ধে কোর্টে যেতেই পারত সিএবি। সেক্ষেত্রে আদালতের রায় পক্ষে গেলে নির্বাচন হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিরোধী শিবির যেভাবে চাপ তৈরি করছিল, তাতে ভোটাভুটি হলে ফল অন্যরকম হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।
এদিকে, মহালয়ার দিন ইডেনে বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধি দল ইডেন পরিদর্শনে এসেছিল। ভারতীয় দলের ড্রেসিং-রুমে প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থা হতে পারে। পাশের ড্রেসিং-রুম বরাদ্দ হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য। হবে লেজার শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement
সম্পর্কিত সংবাদ