সংবাদদাতা, হলদিবাড়ি: খোদ পুর চেয়ারম্যানের ওয়ার্ডেই পানীয় জলের সমস্যা। হলদিবাড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় বাড়ি পুর চেয়ারম্যান শঙ্করকুমার দাসের। তাঁর পাড়াতেই গত একবছর ধরে কল থেকে পরিস্রুত পানীয় জল পড়ে না। এদিকে, গরম পড়তেই জলের জন্য পাড়ার লোকজনকে যেতে হচ্ছে অন্য পাড়ায়। পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ ১০ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। তাঁদের দাবি, একাধিকবার পুরসভায় গিয়ে সমস্যার কথা জানিয়ে আসা হয়েছে। তারপরেও কাজের কাজ কিছুই হয়নি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা ক্ষীতিশচন্দ্র রায় বলেন, বাড়ির কাছে পরিস্রুত পানীয় জল মিলবে আশায় ছিলাম। একবছর আগেই জলের কল বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই পর্যন্তই, এখনও জল পেলাম না। অন্য ওয়ার্ডে গিয়ে আমাদের পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসতে হচ্ছে। সেখানে লম্বা লাইন পড়ে। ওই পাড়ার লোকদের অগ্রাধিকার দিতে হয়, নইলে ঝামেলা হয়। তাই অনেকে আশা নিয়ে জল আনতে গিয়েও খালি হাতে বাড়ি ফেরেন। আমরা চাই দ্রুত আমাদের পাড়ায় পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হোক পুরসভা। না হলে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব।
এক গৃহবধূ স্বপ্না রায় বলেন, ভোটের আগে থেকে শুনছি পরিস্রুত জল বাড়িতে পৌঁছবে। কিন্তু এখনও সেই পরিষেবা আমরা পেলাম না। বাধ্য হয়ে টিউবওয়েলের জল খেতে হচ্ছে। আমরা চাই দ্রুত পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্করকুমার দাস জানান, পাইপের সমস্যা থাকায় কলেজপাড়ায় পানীয় জল পৌঁছচ্ছে না। তবে যেসব এলাকায় পানীয় জল যায় না সেখানে পুরসভার জলে গাড়ি পাঠানো হয়।
কল আছে, জল নেই। - নিজস্ব চিত্র।