Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চিংড়িঘাটায় মেট্রোর কাজে দেরি নয়: সুপ্রিম কোর্ট

উন্নয়নের প্রশ্নে রাজনীতি করা চলবে না। সোমবার কলকাতার চিংড়িঘাটা অঞ্চলে মেট্রো রেলের কাজ সংক্রান্ত মামলায় রাজ্যের আবেদন খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

চিংড়িঘাটায় মেট্রোর কাজে দেরি নয়: সুপ্রিম কোর্ট
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: উন্নয়নের প্রশ্নে রাজনীতি করা চলবে না। সোমবার কলকাতার চিংড়িঘাটা অঞ্চলে মেট্রো রেলের কাজ সংক্রান্ত মামলায় রাজ্যের আবেদন খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিল, মেট্রোর কাজে কোনোরকম বিলম্ব করা চলবে না। কলকাতা হাইকোর্ট গত ২৩ ডিসেম্বর যে নির্দেশ দিয়েছিল, সেটি কীভাবে কার্যকর করা যাবে, সে ব্যাপারে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। 

Advertisement

চিংড়িঘাটা অঞ্চলে ৩১৬ বর্গমিটার অংশের কাজ আটকে থাকায় মেট্রো সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। ফলে নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। কারণ চিংড়িঘাটার মোড় অত্যন্ত ব্যস্ত রাস্তা। আশপাশ এলাকায় ছ’টি হাসপাতাল রয়েছে। অ্যাম্বুলেন্স যাতায়াত করে। এছাড়া অন্য গাড়ির চাপ যথেষ্ট। তাই ওই অংশে মেট্রোর কাজ শেষ করতে হলে সাময়িকভাবে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। রাজ্য সরকার সেই অনুমোদন দিচ্ছে না বলে ঩মেট্রোর নির্মাণ সংস্থার অভিযোগ। 
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেখানে রাজ্য সরকার হেরে যায়। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে রাজ্য। এদিন তারই শুনানি ছিল। সেখানে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী নন্দিনী সেন মুখোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুল রয়েছে। কবে কোথায় কাজের অনুমতি দেওয়া হবে, সবদিক বিচার করে তা জানাবে রাজ্য সরকার। কাজে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। এরপর মে মাস পর্যন্ত শুনানি পিছনোর আবেদন করা হয়। কারণ হিসাবে বলা হয়, ওই সময় পর্যন্ত বিধানসভার ভোটপর্ব চলবে। এরসঙ্গে কেন রাজনীতি যুক্ত করা হচ্ছে, জানতে চান বিচারপতিরা। বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণে বলেন, উন্নয়নের প্রশ্নে বাধা দিলে চলবে না। সব বিষয়ের সঙ্গে রাজনীতি যুক্ত করা বাঞ্ছনীয় নয়। মামলা খারিজ করা হচ্ছে। 
উল্লেখ্য, আটকে থাকা কাজের জেরে মেট্রো যানজট কাটাতে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তবে রাস্তার হাল বদলায়নি। অফিস টাইমে চিংড়িঘাটা ক্রসিংয়ে ইএম বাইপাসের সায়েন্সসিটি, রুবিগামী ফ্ল্যাঙ্কে যানজট কমাতে বাড়ানো হচ্ছে লেন সংখ্যা। শান্তিনগর কালভার্টের কাছে রাস্তা চওড়া করে নতুন লেন তৈরির কাজ শুরু করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। এই লেন তৈরি হলে বাইপাসের সায়েন্সসিটি মুখী ফ্ল্যাঙ্কের যানজট প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে দাবি কলকাতা পুলিশের।

Advertisement
সম্পর্কিত সংবাদ