‘তোলাবাজির জেরে শিল্পে আঘাত এলে রেয়াত নয়’, জোর করে কৃষকদের জমি অধিগ্রহণ নয়, জানিয়ে দিলেন শিল্পমন্ত্রী তাপস
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিল্পায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ করলেও, কোনো কৃষকের উপর জোর খাটাবে না রাজ্য সরকার। শিল্পের জন্য জমি নীতি তৈরি করছে রাজ্যের বিজেপি সরকার। আগামী কয়েকমাসের মধ্যেই তা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। শুক্রবার দিল্লিতে একথা জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। এদিন রাজ্যের মন্ত্রী বলেন, ‘কাউকে জবরদস্তি নয়। কাউকে বঞ্চিত করাও নয়। কোনো কৃষক যদি স্বেচ্ছায় জমি বিক্রি করতে চান, তাহলে প্রয়োজন মতো সেই প্রক্রিয়ায় সরকার মধ্যস্থতা করতেই পারে। কিন্তু কোনোভাবেই প্রশাসনিক বলপ্রয়োগ করা হবে না।’ প্রধানত অতীতের সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব মাথায় রেখেই বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্যের শাসক দল। 

Advertisement

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মাথাচাড়া দিয়েছে তোলাবাজির মতো ঘটনা। এবিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে তাপসবাবু বলেছেন, ‘কোনো শিল্পপতি এখনও পর্যন্ত অভিযোগ করেননি ঠিকই। কিন্তু যদি কোনো শিল্পপতি কিংবা শিল্পাঞ্চলের উপর এহেন আঘাত আসে, তাহলে কোনোমতেই রেয়াত করা হবে না। যারা তোলাবাজির মতো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে।’ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বাংলায় শিল্পায়নের জোয়ার এসেছে, এমন দাবি বারবার করে চলেছে পদ্মশিবির। রাজ্যের শিল্পমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি বলেন, ‘আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো ১৬টি দেশ থেকে রাজ্য সরকারের কাছে আমন্ত্রণ এসেছে। ওখানকার শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করতে চান। ইতিমধ্যেই ৩৩টি শিল্প সংস্থাকে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি হস্তান্তর করে দিয়েছে। শীঘ্রই আরও ৩৩টি সংস্থার হাতে জমি দেওয়া হবে। কল্যাণী, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, পানাগড়ের মতো এলাকায় জমি দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও জমি দেওয়া হয়েছে।’ ঘটনাচক্রে এদিনই দিল্লিতে প্রবাসী বাঙালি শিল্পপতিদের একটি বড়ো অংশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তাপসবাবু।