Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাম বিভ্রাটের জেরে মেলেনি অ্যাডমিট কার্ড, দুশ্চিন্তায় দিন কাটছে মাধ্যমিক পরীক্ষার্থীর

নাম বিভ্রাটের জেরে মেলেনি অ্যাডমিট কার্ড, দুশ্চিন্তায় দিন কাটছে মাধ্যমিক পরীক্ষার্থীর
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: ১০ ফেব্রুয়ারি, সোমবার শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার পর্যন্ত অ্যাডমিট কার্ড না পাওয়ায় করিমপুর-২ ব্লকের গোয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা দেওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। মেয়ের ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে।
Advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে এবার ১০১জন পরীক্ষার্থী রয়েছে। আয়েশা খাতুন ছাড়া সকলেরই অ্যাডমিট কার্ড এসে গিয়েছে। একই নামে দু’জন ছাত্রী থাকায় এই সমস্যা হয়েছে। দশম শ্রেণির ছাত্রী আয়েশা বলে, এক সপ্তাহ আগে থেকে স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। স্কুলে গিয়ে জানতে পারি, আমার অ্যাডমিট কার্ড আসেনি। তখন আমাকে আবার সোমবার যেতে বলা হয়। তারপর থেকে প্রতিদিন স্কুলে যাচ্ছি। আর রোজ খালি হাতে ফিরে আসছি। বৃহস্পতিবার প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবককে নিয়ে গিয়ে কথা বলি। তিনি জানান, একটা ভুল হয়েছে। শুক্রবারও স্কুলে গিয়েছিলাম। প্রধান শিক্ষক বলেন, মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমার অ্যাডমিট কার্ড আনতে স্কুল চেষ্টা করছে। স্কুল থেকে রবিবার অ্যাডমিট কার্ড পেয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তবুও আমি এখন খুব চিন্তায় আছি। আয়েশার পরিবারের অভিযোগ, স্কুলের ভুলে এমন হয়েছে। প্রধান শিক্ষক প্রথম থেকেই তা অস্বীকার করছিলেন। সপ্তাহখানেক আগে থেকে প্রতিদিন ফিরিয়ে দেওয়ার পর, বৃহস্পতিবার আয়েশা তার অভিভাবক নিয়ে স্কুলে যায়। এদিন প্রধান শিক্ষক স্কুলের ভুল মেনে নেন। এমনকী, এক বছরের পড়াশোনার খরচ দিয়ে দেবেন বলেও তিনি জানান। এই অনিশ্চিত অবস্থায় আয়েশা পড়াশোনা করতে পারছে না। সবসময় কান্নাকাটি করছে। এবিষয়ে পরিবারের সকলেই চিন্তায় রয়েছেন। প্রধান শিক্ষক বনমালী সর্দার জানান, একই নামে দু’জন ছাত্রী থাকায় গোলমাল হতে পারে। আমরা বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদে জানিয়েছি। রবিবার ওই ছাত্রীর হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে। যদিও ছাত্রীর পরিবারের দাবি, একই নামের অন্য যে ছাত্রীর কথা স্কুল বলছে, অনেক আগেই তার বিয়ে হয়ে গিয়েছে। সে দীর্ঘদিন স্কুলে আসে না। সেই ছাত্রী এবারের টেস্ট পরীক্ষাও দেয়নি। স্কুল ভুল করে আমাদের মেয়ের নথি তার নামে করায় এমন হয়েছে। স্কুল কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে যদি আরও ক’দিন আগে ব্যবস্থা নিত, তাহলে আমাদের এই অনিশ্চিত অবস্থায় পড়তে হতো না। করিমপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয়(মাধ্যমিক) পরিদর্শক বাপ্পাদিত্য সাহা বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জেনেছি, নামের ভুলের জন্যই এমন হয়েছে। ওই ছাত্রীকে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ