Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাড়াজোল রাজ পরিবারের দুই সদস্যকে আবাস যোজনার টাকা ফেরতের নির্দেশ  

নাড়াজোল রাজ পরিবারের দুই সদস্যকে আবাস যোজনার টাকা ফেরতের নির্দেশ
 
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: নিজেদের পাকাবাড়ির কথা গোপন করে বাংলার আবাস যোজনার বাড়ি নিয়েছিলেন দাসপুর-১ ব্লকের নাড়াজোল রাজ পরিবারের দুই সদস্য। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছিল।  জানতে পেরে প্রশাসন সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল। বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, ‘কয়েক দিন আগে নাড়াজোলের রাজ পরিবারের দুই সদস্য মিহির খান এবং বিদ্যুৎ খানের বিরুদ্ধে তথ্য গোপন করে আবাস যোজনার বাড়ি নেওয়ার অভিযোগ এসেছিল। অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। টাকা না ফেরত দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎবাবু ও মিহিরবাবু বাংলার আবাস যোজনার অধীনে দু’টি বাড়ি পেয়েছিলেন। অথচ রাজবাড়িতে তাঁদের নিজস্ব থাকার ঘর, বিশাল বারান্দা ও আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে। বিষয়টি সামনে আসার পর বিডিওর কাছে লিখিত অভিযোগ যায়। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করে এবং তাঁদের নাম বাংলার আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
এদিকে অভিযুক্ত বিদ্যুৎবাবু ও মিহিরবাবু দাবি করেছেন যে, তাঁরা নিয়ম মেনেই আবেদন করেছিলেন। তাঁদের নিজেদের নামে কোনও জায়গা নেই। তবুও কেন আবাস যোজনার টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাঁরা বুঝতে পারছেন না। তবে সরকার যেহেতু বলেছে, তাই তাঁরা টাকা ফেরত দেবেন। কিন্তু বাড়ি না করতে পারায় তাঁরা সমস্যাতেই পড়বেন।
কয়েক দিন আগেই নাড়াজোল রাজবাড়ির চত্বরে হেরিটেজ এলাকার মধ্যে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির অভিযোগ উঠে। স্বয়ং রাজ পরিবারের ওই দুই সদস্যই নিজেদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রভাব খাঁটিয়ে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। হেরিটেজ ঘোষিত এলাকার মধ্যে, দ্বিতীয়ত খাস জায়গার উপর আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়।   
রাজ পরিবারের এক সদস্য তথা নাড়াজোল আর্কিওলজিক্যাল প্রিজারভেশন কমিটির সম্পাদক সন্দীপ খান বলেন, এভাবে হেরিটেজ এলাকার খাস জমিতে ব্যক্তিগত আবাস তৈরি করা যায় না। তবুও রাজ পরিরবারের ওই দুই সদস্য নিজেদের পাকাবাড়ি থাকা সত্ত্বেও বাড়ি তৈরি শুরু করেছিলেন। যেখানে আবাস যোজনার বাড়ি হচ্ছে সেটি রাজবাড়ি প্রবেশের মূল গেট। বাড়ি হলে গাড়ি নিয়ে রাজবাড়ি যাওয়া যাবে না।  এভাবে বাড়ি তৈরি করা মানেই হেরিটেজ প্রজেক্টকে বাধা দেওয়া। 
Advertisement
সম্পর্কিত সংবাদ