Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

বিহার ভোটের আগে নীতীশকেই জোটের নেতা ঘোষণা বিজেপির

একা নরেন্দ্র মোদির পক্ষে বিহার জয় সম্ভব নয়। তাই নীতীশ কুমারকে চটাতে চান না তিনি।

বিহার ভোটের আগে নীতীশকেই জোটের নেতা ঘোষণা বিজেপির
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একা নরেন্দ্র মোদির পক্ষে বিহার জয় সম্ভব নয়। তাই নীতীশ কুমারকে চটাতে চান না তিনি। দলের বিহার শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে, নীতীশকে সঙ্গে নিয়েই বিহারের নির্বাচনী প্রস্তুতি করতে হবে। আর শুধু তাই নয়। আগামী নির্বাচনে নীতীশ কুমারই হবেন এনডিএর মু্খ্যমন্ত্রী মুখ। এতদিন ধরে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করছিল, তাদের নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে হবে। কিন্তু বিহার বিজেপি শাখা তো বটেই, কেন্দ্রীয় বিজেপিও খুব একটা রাজি ছিল না। তাই এই ‘নিশ্চিত’ ঘোষণা হয়নি এতদিন। 

Advertisement

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতীশ কুমারের সঙ্গে একনাথ সিন্ধের মতোই খেলা খেলতে চলেছে—এই প্রচার জোরদার করছিল বিহারের বিজেপি-বিরোধীরা। এমনকী বৃহস্পতিবার জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘অমিত শাহ এবং নরেন্দ্র মোদি বিহারে এসে বলতে পারবেন যে, আগামী ভোটের পর এনডিএ জয়ী হলে নীতীশই মুখ্যমন্ত্রী হবেন? পারবেন না।’ প্রশান্ত কিশোরের ওই চ্যালেঞ্জের ২৪ ঘণ্টার মধ্যেই বিহার বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা এবং উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, ‘আমরা এখনই জানিয়ে দিচ্ছি, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী নির্বাচনের পরও। নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। আমরা, অর্থাৎ বিহার বিজেপি তাঁর নেতৃত্বেই বরাবর এনডিএর হয়ে লড়াই করেছি। আগামী দিনেও করব। নীতীশ কুমার এবং নরেন্দ্র মোদি—এই দু‌ই ডাবল ইঞ্জিন এনডিএর। তাঁদের যৌথ ম্যাজিকেই আবার এনডিএ ক্ষমতাসীন হবে।’
এই ঘোষণা করে কার্যত বিহার বিজেপি ব্যাকফুটেই চলে গেল বলে মনে করা হচ্ছে। কারণ ইচ্ছা থাকলেও যে একক শক্তিতে বিহারে ক্ষমতাসীন হওয়া অথবা দলীয়ভাবে একক গরিষ্ঠতা পাওয়া সম্ভব নয়, এটা বিজেপি ঘুরিয়ে স্বীকার করে নিল এই ঘোষণার মাধ্যমে। একে নীতীশের জয় হিসেবেই আখ্যা দেওয়া হচ্ছে। কারণ, জেডিইউয়ের অঘোষিত শর্তই ছিল, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা না হলে যৌথ প্রচার অথবা নির্বাচনী কর্মসূচিতে এনডিএর ব্যানারে যাবে না দল। এখনও পর্যন্ত সেই কারণেই যৌথ প্রচারও হচ্ছে না। এবার বিজেপি বিহার শাখা সরাসরি নীতীশকে নেতা মেনে নেওয়ায় আগামী দিনে তাঁকে সামনে রেখেই জোটবদ্ধ এনডিএ হতে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ