ভুবনেশ্বর: ওড়িশায় ছাত্র ইউনিয়ন নির্বাচনে বিপুল জয়ের দাবি করল এবিভিপি। আরএসএসের ছাত্র সংগঠনের দাবি, ১৩টির মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ে জয় পেয়েছে তারা। এই বিশ্ববিদ্যালয়গুলির আটটি সভাপতি পদ, আটটি সহ-সভাপতি পদ, ১০টি সম্পাদক এবং ১১টি সহকারী সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আরএসএসের প্রার্থীরা। এবিভিপির ওড়িশা রাজ্য সম্পাদক দীপ্তিময় প্রতিহারী জানিয়েছেন, উত্কল বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পুরো প্যানেল জয়ী হয়েছে। র্যাভেনশ বিশ্ববিদ্যালয়েও সভাপতি পদ ছাড়া অন্য আসনে তাঁদের সব প্রার্থীরা জিতেছেন। ওড়িশায় ছাত্র ভোটে জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিভিপির জয়কে ‘রাষ্ট্রবিরোধী শক্তির প্রতি কঠোর জবাব’ বলে উল্লেখ করছেন তিনি। শনিবার তিনি দাবি করেন, তরুণ প্রজন্ম যে ‘নেশন ফার্স্ট’ আদর্শের পক্ষে তা ফের নিশ্চিত হল।
যদিও অমিত শাহের দাবি উড়িয়ে দিয়েছেন বিজেডি সুপ্রিমো তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি জানিয়েছেন, ছাত্র নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ এবং কলেজগুলিতে ৬০ শতাংশ আসনে জয় পেয়েছে বিজেডির ছাত্র সংগঠন বিজু ছাত্র জনতা দল। এই ফলে সন্তোষ প্রকাশ করে নবীন জানান, শাসক দল বিজেপি ভোটে বিপুল টাকা ছড়িয়েছে। এছাড়া নির্বাচনের দিন পেশিশক্তির ব্যবহার এবং বিভিন্ন অসত্ উপায় ব্যবহার করে জয় পেয়েছে। বিজেডির মুখপাত্র লেনিন মোহন্ত বলেন, ‘এই জয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রতি জেন-জি’র ভালোবাসার প্রমাণ। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর আমলে
ওড়িশার শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, তা পড়ুয়ারা কখনই ভুলবে না।’



