বিজেপির র‍্যালিতে যোগ দিতে আজ শহরে নীতিন নবীন
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে এসআইআর বিরোধী আন্দোলনের পালটা হিসাবে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। ভারতের সব রাজ্যে এই কর্মসূচিতে শাসকদলের হেভিওয়েটদের পাঠাচ্ছে পদ্ম পার্টি। সেই সূত্রে আজ, সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ঝটিকা সফরে কলকাতায় আসছেন এই ‘গণতন্ত্র বাঁচাও’ র‌্যালিতে যোগ দিতে। জাতীয় সভাপতির নেতৃত্বে আয়োজিত এই মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ একঝাঁক নেতা-মন্ত্রী। সূত্রের দাবি, আজ দুপুর ৩টে নাগাদ কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হবে। পদযাত্রা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় এসে শেষ হবে। স্বভাবতই আজ দুপুর থেকে শহরের মধ্য ও উত্তরাংশে যানজটের প্রবল আশঙ্কা রয়েছে। দলীয় সূত্রে খবর, সোমবার দিল্লি থেকে দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন দলের সভাপতি। সেখান থেকে সোজা ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে যোগ দেবেন। তা সেরে আসন্ন পুরসভা ভোটের রণকৌশল ঠিক করতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নীতিন নবীন।

Advertisement