স্যান্টস: ব্রাজিলের শীর্ষ লিগের ফেরার লড়াই সফল হয়েছে স্যান্টোস এফসি। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে গ্রুপের প্রথম স্থানে রয়েছে তারা। সিরি-এ’তে ফিরেই নেইমারকে পাওয়ার আগ্রহ প্রকাশ করলেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা। মাত্র ১১ বছর বয়েসে স্যান্টোসে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। জুনিয়রের পর সিনিয়র দলের হয়েও খেলেছেন ১৭৭টি ম্যাচ। এই ক্লাবে খেলেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল নেইমারের সামনে। তাই ঘরের ছেলেকে ফের একবার নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মার্সেলো। এদিন তিনি বলেন, ‘আপাতত নেইমার অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। তা শেষ হলে আমরা ওর সঙ্গে আলোচনা করব। তবে প্রথমিক চিন্তার কথা তার বাবাকে জানিয়ে রেখেছি।’ উল্লেখ্য, সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হচ্ছে আগামী বছরের জুন মাসে।



