Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্বোধনের পর তিন বছর বন্ধ রাত্রি নিবাস, বালুরঘাট জেলা হাসপাতালে সমস্যায় রোগীর পরিজনরা

উদ্বোধনের তিনবছর কেটে গেলেও এখনও খোলা হল না বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে থাকা রাত্রিনিবাসের ভবন। ফলে রোগীর পরিজনরা সমস্যায় পড়ছেন। জেলা হাসপাতালে প্রতিদিন ব্যাপক রোগীর চাপ থাকে।

উদ্বোধনের পর তিন বছর বন্ধ রাত্রি নিবাস, বালুরঘাট জেলা হাসপাতালে সমস্যায় রোগীর পরিজনরা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: উদ্বোধনের তিনবছর কেটে গেলেও এখনও খোলা হল না বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে থাকা রাত্রিনিবাসের ভবন। ফলে রোগীর পরিজনরা সমস্যায় পড়ছেন। জেলা হাসপাতালে প্রতিদিন ব্যাপক রোগীর চাপ থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীর আত্মীয় পরিজনেরা  জেলা হাসপাতালে আসেন। রোগীর পরিজনদের হাসপাতালে থাকার প্রয়োজন হলেও তাঁরা রাতে থাকার জন্য ভবন পাচ্ছেন না। হাসপাতাল সূত্রে খবর,ওই ভবনটিকে বছর খানেক আগে বালুরঘাট পুরসভার হাতে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এখনও ওই ভবন খোলা হল না। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, ভবনটি নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা হয়েছে। ভবনটি পুরসভার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যানের সঙ্গে এনিয়ে কথা হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ওই ভবনটির দায়িত্ব দেওয়া হয়েছে একটি সংস্থাকে। আমরা সেখানে উন্নতমানের একটি ক্যান্টিন করব। থাকার ব্যবস্থাও থাকবে। দ্রুত ভবনটিকে খুলে দেওয়া হবে।

Advertisement

এখনও রাতে থাকার জন্য ভবনটি না খোলায় রোগীর পরিজনদের সমস্যা হচ্ছে। কুমারগঞ্জের গোপালগঞ্জের স্বপন রায় বলেন, আমরা দূর থেকে রোগী নিয়ে এসেছি। দিনে বারবার যাওয়া-আসা করতে সমস্যা হচ্ছে। হাসপাতাল চত্বরে রাতে থাকার ভবন থাকলেও বন্ধ। ভবনটি দ্রুত খুলে দেওয়া উচিত।
সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একটি থাকার জায়গা রয়েছে। সেখানে থাকার পরিকাঠামো ভালো নয়। বেডের সংখ্যাও সীমিত। মানুষের চাহিদা মতো এই জেলা হাসপাতালে রাজ্য সরকারের আবাসন দপ্তর থেকে নতুন ভবন নির্মাণ করা হয়। তিনতলা ভবনটিতে পুরুষ ও মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে। 
২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের সভা থেকে ভার্চুয়ালি ওই ভবনটির উদ্বোধন করেন। অভিযোগ, উদ্বোধনের তিনবছর পেরিয়ে গেলেও এখনও ভবনটি খোলা হয়নি। রোগীর পরিজনরা বাধ্য হয়ে খোলা আকাশে যেখানে-সেখানে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।  তিন বছর ধরে বন্ধ বালুরঘাট হাসপাতালের রাত্রি নিবাস ।

Advertisement
সম্পর্কিত সংবাদ