তিন বছরে তিনবার চিত্রনাট্য বদলেছে। বদল হয়েছে সংলাপ। তারপর তা পছন্দ হয়েছে শ্রদ্ধা কাপুরের। কোন ছবির কথা হচ্ছে জানেন? ‘নাগিন’। ভারতীয় লোকগাথায় ‘নাগিন’কে নিয়ে নানা গল্প কথা রয়েছে। কখনও বড়পর্দায়, কখনও বা টেলিভিশনে ‘নাগিন’কে দেখেছেন দর্শক। এবার শ্রদ্ধার কাঁধে এই চরিত্রের ভার। প্রযোজক নিখিল দ্বিবেদীর নতুন প্রজেক্ট ‘নাগিন’। তাঁর কথায়, ‘এটা একেবারে নতুন গল্প। পুরনো কোনও ছবির সঙ্গে এর কোনও মিল নেই। ভারতের পুরাণ লোককাহিনি থেকে অনেক আইডিয়া পাওয়া যায়। এই ছবিতে সুপারন্যাচারাল উপাদান প্রচুর রয়েছে।’ নিখিল আরও জানান, এই ছবির মুখ্য চরিত্রে তাঁর প্রথম পছন্দ ছিলেন শ্রদ্ধা। গল্পের আইডিয়া শেয়ার করার পরই একপ্রকার রাজি হয়ে গিয়েছিলেন নায়িকা। কিন্তু চিত্রনাট্যের কিছু বদল নিয়েও আলোচনা করেছিলেন। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ শেষ। ছবির শ্যুটিং শুরু করার অপেক্ষায় রয়েছে গোটা টিম।



